ইরানের ওপর হামলা পৃথিবীকে হুমকিতে ফেলেছে: জমিয়ত মহাসচিব

পবিত্র রমজান মাসে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলা দুনিয়াকে হুমকিতে ফেলে দিয়েছে বলে মন্তব্য করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী।
রোববার (৮ মার্চ) রাজধানীর পুরানা পল্টনের জমিয়ত মিলনায়তনে ইফতার মাহফিলে এ মন্তব্য করেন তিনি। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ ইফতার মাহফিলের আয়োজন করে।
মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেন, ইরানে হামলার ঘটনায় আমরা গভীর উদ্বেগ ও নিন্দা প্রকাশ করছি। রমজান মাস মুসলিম উম্মাহর জন্য সংযম, আত্মশুদ্ধি ও শান্তির মাস। এ সময়ে কোনো সার্বভৌম রাষ্ট্রের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের পরিপন্থীভাবে সামরিক হামলা চালানো মানবিক মূল্যবোধ ও বৈশ্বিক শান্তির পরিপন্থি। এ হামলা গোটা দুনিয়াকে চরম হুমকিতে ফেলে দিয়েছে।
তিনি বলেন, এ ধরনের একতরফা সামরিক পদক্ষেপ আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল এবং আঞ্চলিক স্থিতিশীলতা ও বিশ্বশান্তির জন্য হুমকি সৃষ্টি করে। সংঘাত ও সহিংসতার পরিবর্তে কূটনৈতিক সংলাপ, পারস্পরিক সম্মান এবং আন্তর্জাতিক আইন মেনে চলার মাধ্যমেই সংকটের শান্তিপূর্ণ সমাধান সম্ভব।
জমিয়ত ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মুফতি মাহবুবুল আলমের সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা শেখ মুজিবুর রহমান, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা তাফাজ্জল হক আজিজ, কেন্দ্রীয় প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী, দফতর সম্পাদক মাওলানা হেদায়েতুল ইসলাম, নগর দক্ষিণের সহ-সভাপতি মাওলানা শিব্বির আহমদ, মুফতি নুরুল আলম ইসহাকী প্রমুখ।