ভোটে হারানোর ষড়যন্ত্রে অন্তর্বর্তী সরকারও লিপ্ত ছিল: জামায়াত আমির

ষড়যন্ত্র করে ১১ দলীয় জোটকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হারানো হয়েছে। আর এই ষড়যন্ত্রের অংশ অন্তর্বর্তী সরকারও— এমন দাবি করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।
বুধবার (৮ জুলাই) রাজধানীতে ‘গণঅভ্যুত্থানের চেতনা, গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার’ শীর্ষক সেমিনারে তিনি এ দাবি করেন।
ডা. শফিকুর রহমান বলেন, নির্বাচনের রায় আমরা মেনে নিয়েছিলাম। কারণ এত বছর পরে এই নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের ফসল হিসেবে যদি আমরা সেদিন এই নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করতাম—তাহলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হলে এর শেষ কোথায় গিয়ে দাঁড়াতো কেউ জানে না। ১১ দল দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে।
তিনি বলেন, নির্বাচনের রায়কে মেনে নিলেও গণভোটের রায়কে অগ্রাহ্য করতে দেব না। নতুন বা পুরোনো, কোনও ফ্যাসিবাদ মেনে নেওয়া হবে না। জনগণের অধিকারের প্রশ্নে কোনও ছাড় নেই।
জামায়াত আমির বলেন, জাতীয় নির্বাচনের আগে অনেক নাটকের পর নির্বাচন হয়েছে। নির্বাচনের পর বলা হল নির্বাচনের জন্য তারা অনেক কিছু মেনে নিয়েছিল। জনগণকে তারা মূর্খ বলতে চাচ্ছে। তারা বলে জনগণ না বুঝেই গণভোটে রায় দিয়েছে। ১৭ বছর তারাও মজলুম ছিল। কিন্তু অনেকেই জেলে যায়নি, তারা শহীদ পরিবারের হাহাকার বুঝবে না।
কেউ শালীনতা ভেঙে জুলাইকে অসম্মান করার দুঃসাহস দেখালে তা সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন জামায়াত আমির।





