মুজিব বাহিনী ছিল ‘ফ্রিডম ফাইটারস গ্রুপ উইথ পলিটিক্স’: ফজলুর রহমান

একাত্তরের মুক্তিযুদ্ধে মুজিব বাহিনীর ভূমিকা কী ছিল এবং তারা কোন কোন ক্ষেত্রে অবদান রেখেছিল—দেশজুড়ে চলমান এমন বিতর্কের জবাবে বীর মুক্তিযোদ্ধা ও সংসদ সদস্য ফজলুর রহমান বলেছেন, মুজিব বাহিনী মূলত ছিল ‘ফ্রিডম ফাইটারস গ্রুপ উইথ পলিটিক্স’।
গতকাল রোববার (১২ জুলাই) একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে ফজলুর রহমান বলেন, ‘৫ নম্বর সেক্টর কমান্ডার মীর শওকত আলীর অধীনে আমি মুক্তিযুদ্ধ করেছি। আমি কারও ডাকে মুক্তিযুদ্ধে যাইনি; কারণ, আমি তার আগেই মানুষকে মুক্তিযুদ্ধের চেতনা বুঝিয়েছি। ভারতে আমি বিএলএফের (বাংলাদেশ লিবারেশন ফোর্স) উচ্চতর প্রশিক্ষণে অংশ নিই। সেখানে গিয়ে দেখি হাসানুল হক ইনু সেখানকার সর্বাধিনায়ক। এই বিএলএফ-ই একাত্তরে “মুজিব বাহিনী” হিসেবে আত্মপ্রকাশ করে।’
মুজিব বাহিনীর সদস্য নির্বাচনের প্রক্রিয়া তুলে ধরে তিনি আরও বলেন, যারা এই বাহিনীতে যোগ দিয়েছিল, তাদের মেধা ও শিক্ষার যোগ্যতা প্রমাণ করতে হয়েছিল। অন্তত এসএসসি বা ম্যাট্রিক পাস না হলে কেউ মুজিব বাহিনীতে ভর্তি হতে পারত না। মুজিব বাহিনী ছিল ‘ফ্রিডম ফাইটারস গ্রুপ উইথ পলিটিক্স’—অর্থাৎ এটি প্রথমে একটি বীরত্বপূর্ণ মুক্তিযোদ্ধা গ্রুপ এবং পরে রাজনৈতিক আদর্শিক গ্রুপ। যারা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিল এবং মাঠে নেতৃত্ব দিচ্ছিল, মূলত তারাই মুজিব বাহিনী গড়ে তুলেছিল।





