logo
Advertisement

প্রয়োজনে ১৮ কোটি মানুষই সিফাত হয়ে গর্জন তুলবে: জামায়াত আমির

এশিয়া পোস্ট ডেস্ক
এশিয়া পোস্ট ডেস্ক
প্রয়োজনে ১৮ কোটি মানুষই সিফাত হয়ে গর্জন তুলবে: জামায়াত আমির
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান । ছবি: অনলাইন থেকে সংগৃহীত

গাজীপুরে বিদ্যুৎ বিল বেশি আসা নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার হওয়া শিক্ষার্থী সিফাতের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

Advertisement

শনিবার (৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম অভিমুখে লংমার্চের যাত্রা শুরুর আগে দেওয়া প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।

সম্প্রতি গ্রেপ্তার হওয়া তরুণ সিফাতের প্রসঙ্গ টেনে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, নাগরিক দুর্ভোগে অতিষ্ঠ হয়ে সিফাত নামের এক তরুণ প্রতিবাদ জানিয়েছিল। তাতেই মনে হচ্ছে পুরো দেশ লন্ডভন্ড হয়ে গেছে! তাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে এবং দলীয় সন্ত্রাসীরা থানায় ঢুকে তাকে লাঞ্ছিত করার দুঃসাহস দেখিয়েছে। আমরা স্পষ্ট ভাষায় সতর্ক করে দিতে চাই তার মুখের ভাষা প্রমিত না হতে পারে, কিন্তু সে যে বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছে তা দেশের ১৮ কোটি মানুষের ভেতরের রক্তক্ষরণ। সময় এলে এ দেশের ১৮ কোটি মানুষই সিফাত হয়ে গর্জন তুলে রাজপথে নেমে আসবে। তাই ভালোয় ভালোয় তাকে ছেড়ে দিন।

অন্যায়ভাবে সিফাতকে আটকে রাখা হলে পরিণাম ভালো হবে না জানিয়ে তিনি বলেন, মনে রাখবেন অতীতে এক নূর হোসেন, এক ইয়াসমিন কিংবা এক ডা. মিলনের আত্মত্যাগ অনেকের গদি ওলটপালট করে দিয়েছিল। কখন যে পচা শামুকে পা কাটবে, তা টের পাবেন না।

জামায়াত আমির বলেন, আমাদের বার্তা একেবারেই পরিষ্কার। বাংলাদেশে কোনো চাঁদাবাজ বা দুর্নীতিবাজের অস্তিত্ব আমরা বরদাশত করব না। দেশের মানুষ আজ চাঁদাবাজদের দৌরাত্ম্যে অতিষ্ঠ, আর দুর্নীতিবাজদের কারণে সাধারণ মানুষের মৌলিক অধিকার হরণ করা হচ্ছে। বাসা-বাড়িতে গ্যাস নেই, পানি নেই, ঠিকমতো বিদ্যুৎ নেই; অথচ মাস শেষে ঠিকই ভূতুড়ে বিল পরিশোধ করতে বাধ্য করা হচ্ছে। আর এসব অন্যায়ের বিরুদ্ধে কথা বললেই নেমে আসছে নির্যাতন।

জনগণের অধিকার আদায়ের অঙ্গীকার ব্যক্ত করে তিনি আরও বলেন, জনগণের অধিকার আদায়ে আমাদের রাজনৈতিক এ লড়াই শুরু হয়েছে। আমরা দেখছি, আমাদের রাজপথের এই প্রতিবাদের ওষুধ ইতিমধ্যে কাজ করতে শুরু করেছে এবং বিভিন্ন মহলে অস্বস্তি ও প্রতিক্রিয়া তৈরি হয়েছে। আমরা সোজা জানিয়ে দিতে চাই জনগণের মৌলিক অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকেই ছাড় দেওয়া হবে না।

চট্টগ্রামের উদ্দেশে যাত্রার সূচনা মুহূর্তে দেশবাসীর কাছে দোয়া চেয়ে তিনি বলেন, আল্লাহর ওপর ভরসা রেখে আমাদের এই লংমার্চ চট্টগ্রামের পথ ধরেছে। ইনশাআল্লাহ, কোনো ভয় বা বাধার কাছে আমরা নতি স্বীকার করব না। রাস্তায় প্রতিবন্ধকতা এলে লড়াই চলবে, কিন্তু জনগণের অধিকার আমরা প্রতিষ্ঠা করবই।

জামায়াত আমির বলেন, ১৮ কোটি মানুষের প্রতিটি অধিকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত রাজপথের পাশাপাশি জাতীয় সংসদেও সমান তালে আন্দোলন চলবে।