logo

গণভোটের রায় বাতিল করতে আদালতকে ব্যবহারের চেষ্টা হচ্ছে: নাহিদ ইসলাম

গণভোটের রায় বাতিল করতে আদালতকে ব্যবহারের চেষ্টা হচ্ছে: নাহিদ ইসলাম

গণভোটের রায় বাতিল করতে আদালতকে ব্যবহারের চেষ্টা হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। এনসিপির উদ্যোগে চট্টগ্রামের পাঁচলাইশ এলাকায় বিভাগীয় সাংগঠনিক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, আমাদের লড়াই শেষ হয়নি। বিচার সংস্কার, দুর্নীতি ও আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম নতুন করে শুরু করতে হবে। জুলাই সনদ ও গণভোটের যে গণরায়ের ভিত্তিতে এই সরকার গঠিত হয়েছে, সেই রায়কে বাতিল করতে আদালতকে রাজনৈতিকভাবে ব্যবহারের চেষ্টা চলছে। আদালতকে আবারও দলীয়করণের চেষ্টা হচ্ছে।

তিনি বলেন, আমরা স্পষ্ট করে বলতে চাই—আদালতকে দলীয় এজেন্ডার হাতিয়ার বানানোর পরিণতি ভয়াবহ হবে। অতীতে আওয়ামী লীগ সরকার এ পথেই পতনের দিকে গিয়েছিল। আমরা বর্তমান সরকারের কাছে স্পষ্ট দাবি জানাই, গণভোটের গণরায় বাস্তবায়ন করুন। জনগণের রায়ের ওপর দাঁড়িয়েই নতুন বাংলাদেশের যাত্রা শুরু হোক।

আওয়ামী লীগ প্রসঙ্গে নাহিদ বলেন, এখনো ফ্যাসিবাদী শক্তির আস্ফালন পুরোপুরি বন্ধ হয়নি। এ বিষয়ে আমাদের অবস্থান স্পষ্ট—এনসিপি এবং পতিত আওয়ামী লীগ একসঙ্গে চলতে পারে না। যে এলাকায় আওয়ামী লীগের ফ্যাসিস্ট কার্যক্রম শুরু হবে, সেখানে হয় আওয়ামী লীগ থাকবে, নয় এনসিপি থাকবে। যে এলাকায় ফ্যাসিবাদী রাজনীতির কার্যক্রম শুরু হবে, সেখানে সংগঠিত প্রতিরোধ গড়ে তোলাই আপনাদের দায়িত্ব।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি টেনে এনে নাহিদ ইসলাম বলেন, আধিপত্যবাদের বিরুদ্ধেও আমাদের অবস্থান পরিষ্কার। যেকোনো পরাশক্তি—সে যেই হোক, বাংলাদেশের স্বার্থবিরোধী হলে তার বিরুদ্ধে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। সাম্প্রতিক আন্তর্জাতিক ইস্যুতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা নিয়ে জনগণের মনে যে প্রশ্ন তৈরি হয়েছে, সরকারকে তার স্পষ্ট জবাব দিতে হবে।