logo

এনসিপি থেকে এমপি হচ্ছেন মনিরা ও মিতু

এনসিপি থেকে এমপি হচ্ছেন মনিরা ও মিতু

ত্রয়োদশ জাতীয় সংসদে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হচ্ছেন মনিরা শারমিন ও সদস্য সচিব মাহমুদা আলম মিতু।

সোমবার (২০ এপ্রিল) ১১-দলীয় নির্বাচনী ঐক্যের সমন্বয়ক ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়।

মনিরা শারমিন ও মাহমুদা আলম মিতু জাতীয় নাগরিক পার্টির ‘জাতীয় নারীশক্তি’র আহ্বায়ক ও সদস্য সচিব পদে আছেন।

জামায়াত জোটের তালিকায় আরও আছেন

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে আট প্রার্থীকে মনোনীত করেছে বাংলাদেশে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় নির্বাচনী ঐক্যে। এ ছাড়া এনসিপিসহ অন্যান্য দল থেকে পাঁচজনকে তালিকায় রাখা হয়েছে।

মনোনীত প্রার্থীরা হলেন, জামায়াতের কেন্দ্রীয় মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা, সহকারী সেক্রেটারি মারজিয়া বেগম, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক সাবিকুন নাহার মুন্নি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক ও মহিলা বিভাগের সদস্য মারদিয়া মমতাজ, মহিলা বিভাগের সদস্য নাজমুন নাহার নীলু।

এ ছাড়া সিলেটের নেত্রী মাহফুজা সিদ্দিকা, বগুড়ার নেত্রী ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাজেদা সামাদ, খুলনা মহানগরীর সেক্রেটারি সামসুন নাহার।

শরিক দল হিসেবে জাগপার চেয়ারম্যান তাসমিয়া প্রধান ও বাংলাদেশ খেলাফত মজলিসের নারী মজলিসের সদস্য মাহবুবা হাকিমকে মনোনয়ন দেওয়া হয়েছে।

এ ছাড়া জুলাই শহীদ শিশু জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগমকে মনোনয়ন দিচ্ছে জামায়াতে ইসলামী বাংলাদেশ। ২০২৪ সালের ৫ আগস্ট রাজধানীর উত্তরায় পুলিশের গুলিতে নিহত হয় ছয় বছর বয়সী শিশু জাবির।