ওবায়দুল কাদেরকে পালানোর সহায়তার দাবি পাগলের প্রলাপ: সারজিস

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে দেশত্যাগে সহায়তার বিনিময়ে বড় অঙ্কের টাকা নেওয়ার অভিযোগকে সম্পূর্ণ ‘প্রোপাগান্ডা ও গুজব’ বলে উড়িয়ে দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। এই ধরনের দাবিকে ‘পাগলের প্রলাপ’ আখ্যা দিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।
বৃহস্পতিবার (২ জুলাই) একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাক্টিভিস্ট মীর জাহানের ছড়ানো এমন এক গুরুতর অভিযোগের জবাবে তিনি এই মন্তব্য করেন।
সারজিস আলম জানান, মীর জাহান নামের একজন অ্যাক্টিভিস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেছিলেন যে সারজিস আলমের সরাসরি সহায়তায় এবং তার নিজস্ব গাড়িতে করে ওবায়দুল কাদেরকে সীমান্ত পার করে দেওয়া হয়েছে। তবে পরবর্তী সময়ে ওই অ্যাক্টিভিস্ট নিজেই তার পোস্টটি ডিলিট (সরিয়ে) করে দেন।
এই প্রসঙ্গে সাক্ষাৎকারে সারজিস আলম বলেন, ‘আমি নিজে সোশ্যাল মিডিয়ায় ওনার পোস্টে গিয়ে কমেন্ট করেছিলাম আপনি যদি এই তথ্য প্রমাণ করতে পারেন, তবে আমি রাজনীতি তো ছেড়েই দেব, পাশাপাশি যেকোনো শাস্তি মাথা পেতে নেব। একটা মানুষ কতটা মাদকাসক্ত হলে এই ধরণের পাগলের প্রলাপ বকতে পারে? ওবায়দুল কাদেরকে পার করার জন্য আমি ব্যবস্থা করব?’
তিনি বলেন, ‘ওবায়দুল কাদেরের কি মাথা নষ্ট হয়ে গেছে যে সে আমাদের কাছে সাহায্য চাইতে আসবে? মীর জাহান তার পোস্টে আরও দাবি করেছিল যে, এই প্রক্রিয়ায় নাকি সেনাপ্রধানও যুক্ত ছিলেন। এখন আপনারাই বলুন, ওবায়দুল কাদের আর আর্মি চিফের কি এতই আকাল পড়েছে যে আমার গাড়ির সাহায্য নিতে হবে?’
গণঅভ্যুত্থানের স্মৃতি স্মরণ করে সারজিস বলেন, ‘যে আর্মি চিফ একটি পুরো প্রতিষ্ঠানের প্রধান হিসেবে ৫ তারিখে যদি গুলি চালানোর নির্দেশ দিতেন, তাহলে তো ছাত্র-জনতার অভ্যুত্থানটা অন্য দিকেও মোড় নিতে পারত। সেই সেনাপ্রধানের সঙ্গে ওবায়দুল কাদের এখন আবার একসঙ্গে কাজ করবেন; এটা সম্পূর্ণ একটি অপ্রাসঙ্গিক ও কাল্পনিক আলোচনা।’
নিজের রাজনৈতিক অভিজ্ঞতা তুলে ধরে এই তরুণ ছাত্রনেতা বলেন, ‘বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এসে অনেক নতুন কিছু দেখছি। এখানে অনেক প্রোপাগান্ডা হয়েছে, অনেক গুজব ছড়ানো হয়েছে। এটিও তেমনই একটি সস্তা অপপ্রচার।’





