logo

জাগপার নতুন লোগো ও ওয়েবসাইট উন্মোচন, জাতীয় সম্মেলন ২ জানুয়ারি

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
জাগপার নতুন লোগো ও ওয়েবসাইট উন্মোচন, জাতীয় সম্মেলন ২ জানুয়ারি
জাগপার নতুন লোগো ও ওয়েবসাইট উন্মোচন। ছবি: জাগপা’র সৌজন্যে

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) নতুন লোগো ও ওয়েবসাইট উন্মোচন করা হয়েছে। পাশাপাশি আগামী বছরের ২ জানুয়ারি দলের জাতীয় সম্মেলন করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) সকালে রাজধানীর আসাদ গেট এলাকায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রেসিডিয়াম কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। তিন ঘণ্টার বৈঠকে দলের গঠনতন্ত্র সংস্কার, আগামী স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ এবং ১১ দলীয় ঐক্যে জাগপার ভূমিকা নিয়েও আলোচনা হয়।

বৈঠক শেষে জাগপার সভাপতি সংসদ সদস্য ব্যারিস্টার তাসমিয়া প্রধান বলেন, আমরা সংবিধান সংস্কারের কথা বলি, কিন্তু নিজেদের দলের সংবিধান তথা গঠনতন্ত্রে অনেক ফাঁক রেখে দিই। আধিপত্যবাদ ও স্বৈরাচারমুক্ত বাংলাদেশ গড়তে সব পর্যায়ে সংস্কার প্রয়োজন। তাই সাধারণত দলের গঠনতন্ত্র সংশোধন করা হলেও এবার আমরা নতুন করে ঢেলে সাজিয়েছি, সংস্কার করেছি। ১১ দলীয় ঐক্যের শরিক দল হিসেবে আন্দোলন-সংগ্রামে আরও জোরালো ভূমিকা রাখার ব্যাপারেও সিদ্ধান্ত হয়েছে।

দলের সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন বলেন, আগামী ২ জানুয়ারি জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। এর আগে সারা দেশে দলের সব সাংগঠনিক জেলা ও মহানগর কমিটি পুনর্গঠন করা হবে। এবার বর্ণাঢ্য আয়োজনের পাশাপাশি সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় জাতীয় সম্মেলন করা হবে।

জাগপার মুখপাত্র রাশেদ প্রধান বলেন, আগের প্রজন্মের ঐতিহ্য ও নতুন প্রজন্মের চাহিদার সমন্বয়ে দলের নতুন লোগো ও ওয়েবসাইট তৈরি করা হয়েছে। স্থানীয় সরকার নির্বাচনে যেসব ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ ও পৌরসভায় জাগপার যোগ্য প্রার্থী রয়েছেন, তারা অংশ নেবেন। তবে সিটি করপোরেশন নির্বাচনে জাগপা কোনো প্রার্থী দেবে না। এসব নির্বাচনে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলের যোগ্য প্রার্থীকে সমর্থন দেবে দলটি।

বৈঠকে সভাপতিত্ব করেন জাগপার সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান। এতে উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রথম সহসভাপতি রাশেদ প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহিদুর রহমান বাবলা, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শফিকুল ইসলাম, ভিপি মু. মুজিবুর রহমান, হাজী মো. হাসমত উল্লাহ এবং মো. শামীম আখতার পাইলট।