নবনির্বাচিত রাষ্ট্রপতিকে চরমোনাই পীরের অভিনন্দন

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় এক বিবৃতিতে এ অভিনন্দন জানান তিনি।
বিবৃতিতে মুহাম্মাদ রেজাউল করীম বলেন, বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রপতিকে অলংকারিক দায়িত্ব পালন করতে হয়। তবে সংবিধান রাষ্ট্রপতিকে দলীয় বৃত্তের বাইরে থাকতে বাধ্য করে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরও তার দীর্ঘদিনের রাজনৈতিক দায়িত্ব ছেড়েছেন। বিএনপির মহাসচিবের পদ থেকে তাকে পদত্যাগ করতে হয়েছে। এর কারণ হলো, রাষ্ট্রপতি দেশের সার্বজনীন ঐক্যের ও সর্বজনের আস্থার প্রতীক।
চরমোনাই পীর দল ও মতের ঊর্ধ্বে উঠে দেশ ও জাতির স্বার্থে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে দায়িত্ব পালন করার অনুরোধ জানান। একই সঙ্গে তিনি রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, নেক হায়াত ও সার্বিক কল্যাণের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করেন।
রাজনীতিতে সততা এখন বিরল বিষয়ে পরিণত হয়ছে জানিয়ে চরমোনাই পীর বলেন, নবনির্বাচিত রাষ্ট্রপতি সততার ক্ষেত্রে একজন পরীক্ষিত ব্যক্তি। একই সঙ্গে তিনি মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে একজন পোড়খাওয়া সেনাপতি। সুষ্ঠু রাজনীতির বিকাশে তার সাধনা সর্বজনবিদিত। এমন ব্যক্তি রাষ্ট্রপতির আসনে সমাসীন হওয়া রাজনীতির জন্য ইতিবাচক। আমরা প্রত্যাশা করি, যে আশাবাদ নিয়ে তিনি বঙ্গভবন যাচ্ছেন সেই আশাবাদকে কাজে রূপান্তর করতে পারবেন।
চরমোনাই পীর নবনির্বাচিত রাষ্ট্রপতির সর্বাঙ্গীন কল্যাণ কামনা করেন।



