বিএনপি সরকার জুলাই সনদকে ভালোভাবে গ্রহণ করছে না: দিলারা চৌধুরী

এশিয়া পোস্ট ডেস্ক
বিএনপি সরকার জুলাই সনদকে ভালোভাবে গ্রহণ করছে না: দিলারা চৌধুরী
রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক দিলারা চৌধুরী। ছবি: সংগৃহীত

রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক দিলারা চৌধুরী বলেছেন, জনগণের সমর্থনের কথা বলা হলেও ক্ষমতায় আসার পর বিএনপি সরকার জুলাই সনদকে প্রত্যাশিত গুরুত্ব দিচ্ছে না। তার মতে, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও আকাঙ্ক্ষার সঙ্গে সংশ্লিষ্ট বেশ কিছু উদ্যোগ বর্তমান সরকারের সিদ্ধান্তে বাধাগ্রস্ত হচ্ছে।

সম্প্রতি এক টক-শোতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

দিলারা চৌধুরী বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে জারি হওয়া বিভিন্ন অধ্যাদেশ বাস্তবায়নের বিষয়ে বিএনপি শুরু থেকেই আপত্তি জানিয়ে আসছে। তার দাবি, আইনশৃঙ্খলা ও ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে গঠিত বিভিন্ন কমিশনের সুপারিশ বাস্তবায়নের জন্য যেসব অধ্যাদেশ জারি হয়েছিল, সেগুলো বর্তমান সরকার বাতিল করায় জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে না।

বিচার বিভাগের স্বাধীনতার প্রসঙ্গে তিনি বলেন, ‘আপনি যদি সুপ্রিম কোর্টকে নির্বাহী বিভাগ থেকে স্বাধীন রাখতে চান, তাহলে সেটিকে নির্বাহী বিভাগের নিয়ন্ত্রণে রাখা উচিত নয়। আমরা অতীতে দেখেছি, শেখ হাসিনার শাসনামলে বিচার বিভাগকে ব্যবহার করে সংবিধানকে ক্ষতিগ্রস্ত করা হয়েছিল। গণতন্ত্রে বিচার বিভাগের স্বাধীনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু সেই জায়গাতেই আঘাত করা হয়েছে, যা আমি ইতিবাচকভাবে নিতে পারছি না।’

আইন প্রণয়নের প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলেন দিলারা চৌধুরী। তিনি বলেন, বিরোধী দল অভিযোগ করেছে, তাদের অনুপস্থিতিতে আলোচনা হয়েছে এবং মতামত দেওয়ার সুযোগ দেওয়া হয়নি। পরে তারা সংসদ থেকে ওয়াকআউটও করেছে।

তার ভাষায়, ‘বিরোধী দলকে উপেক্ষা করে শুধু দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার জোরে এভাবে সংসদীয় কমিটি গঠন করা হলে সেটি সংসদীয় স্বেচ্ছাচারিতার দিকে যাওয়ার ইঙ্গিত দেয়। সেখানে বিরোধী দলের মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে না।’

দেশের শিক্ষা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। বন্যার মধ্যে এসএসসি পরীক্ষা আয়োজনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে দিলারা চৌধুরী বলেন, চলমান দুর্যোগ ও প্রতিকূল পরিবেশে পরীক্ষার্থীদের মানসিক অবস্থার বিষয়টি যথাযথভাবে বিবেচনায় নেওয়া হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে।