তেল-বিদ্যুৎ সংকটের জন্য বিএনপি দায়ী নয়: নিলোফার মনি
-ef778c-720x405.webp)
বিদ্যুৎ, গ্যাস ও তেল নিয়ে দেশে যে সংকট তৈরি হচ্ছে, তা মূলত প্রাকৃতিক ও বৈশ্বিক সমস্যা বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বনির্ভর বিষয়ক সহসম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ড. নিলোফার চৌধুরী মনি। তিনি বলেন, কাতার ও হরমুজ প্রণালিতে যুদ্ধের প্রভাব এবং অভ্যন্তরীণ কারখানায় অগ্নিকাণ্ডের মতো সংকটে জ্বালানি খাতে বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। এখানে বিএনপির কিছু করার নেই।
সম্প্রতি এশিয়া পোস্টের ধারাবাহিক আয়োজন ‘আলাপন’-এ এসে এসব কথা বলেন তিনি।
ড. নিলোফার চৌধুরী মনি বলেন, আওয়ামী লীগ সরকারের কুইক রেন্টাল প্রকল্প ও ভারতের আদানির সঙ্গে করা অসম চুক্তির কারণে বর্তমান সরকারকে চড়া জরিমানা দিতে হচ্ছে। বিগত সরকার ২৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের যে দাবি করেছিল, তা সম্পূর্ণ ভিত্তিহীন ছিল। বর্তমান সরকার ক্ষমতায় এসে সেই দীর্ঘদিনের অব্যবস্থাপনার বড় অর্থনৈতিক বোঝা বহন করছে।
তিনি আরও বলেন, দেশের মানুষের টাকা বিদেশে অপচয় না করে কম খরচে সোলার প্ল্যান্ট বা সৌরবিদ্যুতের মাধ্যমে লোডশেডিং দূর করার স্থায়ী সমাধানের পরিকল্পনা হাতে নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী এক থেকে দেড় বছরের মধ্যে সোলার প্ল্যান্টগুলো বসানো সম্পন্ন হলে বিদ্যুৎ সমস্যার স্থায়ী অবসান হবে। প্রয়োজনে কাবিখা ও টিআর খাতের বরাদ্দ দিয়ে গরিব মানুষের ঘরের ছাদে সৌর প্যানেল বসিয়ে বিদ্যুৎ উৎপাদন বাড়ানো হবে।