logo
Advertisement

৩১ দফা বাস্তবায়ন কতদূর, জানালেন রিজভী

এশিয়া পোস্ট নিউজ
৩১ দফা বাস্তবায়ন কতদূর, জানালেন রিজভী
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি : সংগৃহীত

সরকারের মেয়াদ শেষ হওয়ার আগে ৩১ দফা বাস্তবায়ন হবে বলে আশ্বাস দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

Advertisement

তিনি বলেন, ৩১ দফা সামনে রেখে নির্বাচনে অংশ নিয়েছিলাম। ছয় মাসে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, সুদসহ কৃষিঋণ মওকুফসহ অনেক কিছু ইতোমধ্যে বাস্তবায়ন হয়েছে।

রোববার (২৪ আগস্ট) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এশিয়া পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে রুহুল কবির রিজভী এসব কথা বলেন।

তৃণমূলে সংগঠন নিয়ে পরিকল্পনা কী এমন প্রশ্নের জবাবে রিজভী বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে সংগঠন নতুন আঙ্গিকে সাজানো হচ্ছে। দলের চেয়ারম্যান নিয়মিত স্থানীয় নেতাদের সঙ্গে বৈঠক করছেন। তাদেরকে পরামর্শ দিচ্ছেন। অতীতের যে কোনো সময়ের চেয়ে তৃণমূলকে শক্তিশালী করার চেষ্টা থাকবে।

সরকার ও দলের কর্মকাণ্ডে ভারসাম্যের বিষয়ে তিনি বলেন, দল নির্বাচিত হয়েই সরকার গঠন করেছে। মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপদেষ্টা আমরা প্রত্যেকেই দলের লোক। তাই দলের লোক হিসেবে সরকারে কাজ করার পাশাপাশি দলের দায়িত্বও পালন করবেন, এতে কোনো জটিলতা নেই। সরকার গঠনের প্রথমদিকে দলীয় কর্মকাণ্ড একটু ধীর ছিল, কিন্তু এখন আবার পুরোদমে চলছে। প্রতি সপ্তাহেই দু-একদিন দলের চেয়ারম্যান তৃণমূলের সঙ্গে বসছেন ও মতবিনিময় করছেন। সেখান থেকে তিনি সাংগঠনিক নানা বিষয়ে অবগত হচ্ছেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন।

বিএনপিতে ‘হাইব্রিড ও সুবিধাবাদী’দের প্রবেশ নিয়ে অনেক নেতাকর্মীর অভিযোগ আছে। এদের চিহ্নিত করতে কোনো ব্যবস্থা নেবেন কি এমন প্রশ্নে জাবাবে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, একটি দল যখন দীর্ঘ সংগ্রামের পর ক্ষমতায় আসে, তখন সেখানে হাইব্রিডদের ভিড় জমে। তারা যাতে সুবিধা নিতে না পারে, সেজন্য আমাদের ত্যাগী নেতাকর্মী; যারা আন্দোলনে ভূমিকা রেখেছেন ও ক্ষতিগ্রস্ত হয়েছেন; তাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। হাইব্রিডরা এসে দলের নাম ভাঙিয়ে যাতে কোনো অনৈতিক কাজে জড়াতে না পারে, সে বিষয়ে সজাগ থাকতে হবে। দল এ ব্যাপারে সতর্ক।