logo
Advertisement

‘সিফাত আব্দুল্লাহকে গ্রেপ্তার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়’

এশিয়া পোস্ট ডেস্ক
এশিয়া পোস্ট ডেস্ক
‘সিফাত আব্দুল্লাহকে গ্রেপ্তার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়’
সিফাত আব্দুল্লাহ ও নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি : কোলাজ

প্রধানমন্ত্রীসহ সরকারের সংশ্লিষ্টদের গালিগালাজ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার কলেজছাত্র সিফাত আব্দুল্লাহর বিষয়ে নিয়ে প্রতিবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

Advertisement

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৩টায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে এ সংক্রান্ত এক পোস্টে এ প্রতিবাদ জানান তিনি।

ওই পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী লিখেছেন, ‘ভূতুড়ে বিদ্যুৎ বিলের প্রতিবাদ করায় কলেজছাত্র সিফাত আব্দুল্লাহ গ্রেপ্তার। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বাসায় ৪ হাজার ও ৫ হাজার টাকার অস্বাভাবিক বিদ্যুৎ বিল আসার অভিযোগ তুলে প্রতিবাদ করায় তাকে রাতের বেলায় গ্রেপ্তার করা হয়েছে।’

তিনি লিখেছেন, ‘বিদ্যুৎ বিলের অনিয়ম নিয়ে প্রশ্ন তোলা একজন নাগরিকের অধিকার। মতপ্রকাশের কারণে এক কলেজছাত্রকে হয়রানি বা কঠোর আইনে ফাঁসানোর কোনো সুযোগ থাকা উচিত নয়। সিফাতের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করতে হবে এবং তাকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে।’

তিনি আরও লিখেছেন, ‘ভয় দেখিয়ে মানুষের কণ্ঠরোধ নয়, অন্যায় বিলের জবাবদিহি ও নাগরিকের মতপ্রকাশের অধিকার নিশ্চিত করতে হবে।’

এদিকে, সিফাত আব্দুল্লাহর (২৫) বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিয়েছে পুলিশ। ওই মামলায় তাকে আদালতেও পাঠানো হয়েছে।

শুক্রবার দুপুরে গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রাব্বানী এ তথ্য নিশ্চিত করেছেন। বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার দাবি করে ফেসবুক লাইভে এসে গালিগালাজ করেছিলেন সিফাত।

পুলিশের ওই কর্মকর্তার বরাতে সংবাদমাধ্যম ওয়াদা জানায়, গ্রেপ্তার সিফাত আব্দুল্লাহ ফ্যাসিবাদী শক্তির সঙ্গে একটি আকস্মিক মিছিল আয়োজনের চেষ্টা করছিলেন। মামলার পর সিফাতকে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে ওসি গোলাম রাব্বানী বলেন, ‘প্রধানমন্ত্রী ও সরকার সম্পর্কে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে সিফাতকে গ্রেপ্তার করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে সিফাতের এক মিনিটের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে তাকে গাজীপুরের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। সিফাত আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী।

ভিডিওতে নিজের বিদ্যুৎ বিল দেখিয়ে সিফাত অভিযোগ করেন, গত দুই মাসে তার কাছ থেকে প্রায় ৪-৫ হাজার টাকা বিল নেওয়া হয়েছে। এ সময় বিএনপি সরকারের সমালোচনা করার পাশাপাশি তিনি আপত্তিকর ভাষা ব্যবহার করেন।