হান্নান মাসউদের গাড়িবহরে হামলার ঘটনায় এনসিপির বিবৃতি

নোয়াখালীর হাতিয়ায় আব্দুল হান্নান মাসউদের গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দলটির একাধিক নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার একটি এলাকায় পরিদর্শন শেষে ফেরার পথে তার গাড়িবহরে অতর্কিত হামলা চালানো হয় বলে দাবি করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। এসময় এই ঘটনায় অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
এনসিপি সূত্রে জানা যায়, পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বুধবার সকাল ১১টার দিকে নোয়াখালী–৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ নির্বাচনের আগে, নির্বাচনের দিন ও পরবর্তী সময়ে সহিংসতায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শনে যান। পরিদর্শন শেষে ফেরার পথে তার গাড়িবহরে হামলা চালানো হয়।
এনসিপির অভিযোগ, বিএনপি ও আওয়ামী লীগের একটি অংশের কর্মীরা বেলাল মাঝির নেতৃত্বে এ হামলা চালান। হামলায় কয়েকটি মোটরসাইকেল ও গাড়ি ভাঙচুর করা হয় এবং একাধিক নেতাকর্মী আহত হন। আহত ব্যক্তিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়।
হামলার পর সংসদ সদস্য গাড়ি থেকে নেমে সড়কে অবস্থান নিয়ে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানান বলে প্রত্যক্ষদর্শীরা জানান। অভিযোগ রয়েছে, এ সময় পুনরায় উত্তেজনা সৃষ্টি হয় এবং কিছু সময়ের জন্য তিনি অবরুদ্ধ অবস্থায় ছিলেন।