বিএনপির এখন সুর পাল্টে গেছে: জামায়াত আমির

এশিয়া পোস্ট ডেস্ক
বিএনপির এখন সুর পাল্টে গেছে: জামায়াত আমির
ছবি : সংগৃহীত

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান মন্তব্য করে বলেছেন, ‘সব হত্যাকাণ্ডের বিচার চাওয়ার ক্ষেত্রে বিএনপি নিজেদের সুর পাল্টে ফেলেছে।’

Advertisement

অভিযোগ তুলে জামায়াত আমির বলেন, ‘দুঃখজনক, এই দলটি নিজেরা নিজেদের কর্মীই খুন করেছে। যাদের নিজেদের কর্মীদের সম্পর্কে নিজেদেরই কোনো দায় এবং দরদ থাকে না। ২০ কোটি মানুষের জন্য তাদের কী দায় এবং দরদ থাকবে? আমরা কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না।’

মঙ্গলবার (২৩ জুন) বিকেলে রাজধানীর বিজয়নগরে ১১-দলীয় ঐক্যের এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জামায়াত আমির ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘হাদি হত্যাকাণ্ডকে ধামাচাপা দেওয়া হচ্ছে। কাকে খুশি করার জন্য এবং কার স্বার্থে এই কাজ করা হচ্ছে, তা জনগণের কাছে স্পষ্ট নয়।’

জামায়াতকে ধ্বংস করার অতীত অপচেষ্টার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, জামায়াত নির্মূলের ঘোষণা দিয়ে অতীতে অনেকেই রাজনীতি থেকে নির্মূল হয়ে গেছে।

এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ফ্যাসিবাদের পথে হাঁটছে মন্তব্য করে ডা. শফিকুর রহমান বলেন, ‘লজ্জার বিষয়...বিএনপি ফ্যাসিবাদ থেকে মুক্ত হওয়ার কথা বলে, ঠিক ফ্যাসিবাদের রাজপথ ধরেই তারা এখন হাঁটা শুরু করেছেন।’