Advertisement

আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল

এশিয়া পোস্ট নিউজ
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ার‌ম্যান মেম্বার অ্যাসোসিয়েশনের আলোচনা সভায় কথা বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার রাজধানীর কাকরাইল ডিপ্লোমা ইনস্টিটিউটে। ছবি: সংগৃহীত

চলতি বছর না হলেও আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (২২ জুলাই) বিকেলে রাজধানীর কাকরাইল ডিপ্লোমা ইনস্টিটিউটে আয়োজিত বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ার‌ম্যান মেম্বার অ্যাসোসিয়েশনের আলোচনা সভায় এ কথা জানান তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার স্থানীয়সরকার ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে বদ্ধপরিকর। ইউনিয়ন পরিষদের নির্বাচনসহ আগামীতে সব নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে। জনগণের ভোটেই চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত নারী সদস্যরা নির্বাচিত হবেন।

তিনি বলেন, তৃণমূল পর্যায়ে জনগণের সবচেয়ে কাছের প্রতিনিধি হচ্ছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা। জনগণের সমস্যা, চাহিদা ও সম্ভাবনা সম্পর্কে তাদের মতো আর কেউ এতটা জানেন না। তাই দেশের উন্নয়ন ও গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে স্থানীয় সরকারকে আরও কার্যকর ও শক্তিশালী করতে হবে।

মন্ত্রী জানান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের ভাতা সম্মানজনক পর্যায়ে উন্নীত করার বিষয়ে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন। পাশাপাশি জনপ্রতিনিধিদের কল্যাণে ট্রাস্ট ও তহবিল গঠনের বিষয়েও সরকার ইতিবাচক উদ্যোগ নেবে বলে আশ্বাস দেন।

এ বছর ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, এই কাজে জনপ্রতিনিধিদের সম্পৃক্ত হতে হবে। সরকারি ত্রাণ সঠিকভাবে বণ্টন করতে হবে।

তিনি বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের যেন সহজে বরখাস্ত করা না যায়, সে বিষয়ে প্রয়োজনীয় আইন প্রণয়নের বিষয়টি সরকার বিবেচনা করছে। এমন আইন করা হলে স্থানীয় জনপ্রতিনিধিরা আরও স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারবেন।

মন্ত্রী সংগঠনের নেতাদের উদ্দেশে বলেন, সব বিভাগ ও জেলার প্রতিনিধিত্ব নিশ্চিত করে একটি শক্তিশালী ও অন্তর্ভুক্তিমূলক কমিটি গঠন করতে হবে। কাউকে বাদ দিয়ে নয়, দেশের স্বার্থে বিশ্বাসী সবাইকে সঙ্গে নিয়েই সংগঠনকে এগিয়ে নিতে হবে।