দিল্লিতে ফের প্রকাশ্যে আ.লীগ নেতারা

ভারতের দিল্লিতে এক সপ্তাহের ব্যবধানে ফের প্রকাশ্যে এসেছেন রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতারা। ‘ফরেন করেস্পডেন্টস ক্লাব অব সাউথ এশিয়া’র আয়োজনে শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় ‘সেভ ডেমোক্রেসি ইন বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে তাদের দেখা যায়। সেখানে ‘পলাতক ফাঁসির আসামি’ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি রেকর্ড করা অডিও শোনানো হয়।
সেমিনারে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল সশরীরে এবং ভার্চুয়াল মাধ্যমে যোগ দেন মোহাম্মদ আলী আরাফাত।
সেমিনারে তারা অন্তর্বর্তী সরকারের সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন। বাংলাদেশে মব সংস্কৃতি, দলীয় কর্মীদের হত্যাসহ বিভিন্ন বিষয়ে তুলে ধরেন।
এর আগে, গত ১৭ জানুয়ারি দিল্লির প্রেস ক্লাব অব ইন্ডিয়াতে একটি সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাবেক দুই মন্ত্রী। সেখানে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল হাজির হয়েছিলেন।
২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরে ভারতের মাটিতে এটিই ছিল আওয়ামী লীগ নেতাদের প্রথম সংবাদ সম্মেলন।
এদিকে, আসন্ন জাতীয় নির্বাচনের আগে দলটির একের পর এক সেমিনার ও সংবাদ সম্মেলন কৌতূহল সৃষ্টি হয়েছে। বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের আগে বাংলাদেশের মানুষের কাছে আওয়ামী লীগের বক্তব্য পৌঁছে দিতেই সংবাদ সম্মেলন আয়োজন করছে দলটি। এটি তাদের রাজনৈতিক কৌশল।