logo

কেন্দ্র থেকে ভোটের অধিকার কড়ায়-গণ্ডায় বুঝে আনতে বললেন তারেক রহমান

কেন্দ্র থেকে ভোটের অধিকার কড়ায়-গণ্ডায় বুঝে আনতে বললেন তারেক রহমান

কেন্দ্র থেকে ভোটের অধিকার কড়ায়-গণ্ডায় বুঝে আনতে ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন, তাহাজ্জুদ পড়ে ভোট দিতে যাবেন। ভোট দিয়ে বসে থাকবেন না, যে অধিকার থেকে আপনাদের বঞ্চিত করা হয়েছিল তা বুঝে নিয়ে আসবেন।

রোববার (২৫ জানুয়ারি) রাতে কুমিল্লা সুয়াগাজী মাঠে বিএনপি আয়োজিত নির্বাচনি সমাবেশে তিনি এসব কথা বলেন। 

বিএনপির দেশ পরিচালনার অভিজ্ঞতা তুলে ধরে তারেক রহমান বলেন, ধানের শীষকে জয়ী করলেই দেশবাসী উপকৃত হবে। বিএনপি জানে কীভাবে দেশ সঠিকভাবে পরিচালিত করতে হয়। বিএনপির অভিজ্ঞতা আছে কীভাবে নারী শিক্ষার উন্নয়ন করা ও দুর্নীতির লাগাম টেনে ধরা যায়। 

তিনি বলেন, আমরা ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ বেশ কিছু পরিকল্পনা হাতে নিয়েছি। নারীদের স্বাবলম্বী করার পাশাপাশি কৃষি সম্প্রসারণে খাল খনন কর্মসূচিও শুরু করা হবে। 

এছাড়া তরুণ, বেকার যুবকদের কর্মসংস্থান, ইপিজেড সম্প্রসারণ করে ফ্যাক্টরি বাড়ানো, মধ্যপ্রাচ্যে স্কিলড ওয়ার্কার পাঠাতে ট্রেনিং ও ভাষা শিক্ষা, চিকিৎসাসেবা, পল্লী চিকিৎসক নিয়োগ, ‘হেলথ কেয়ারার’ নামে ডাক্তার নিয়োগসহ বিভিন্ন পরিকল্পনা রয়েছে জানিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, রাতারাতি কিছু হবে না, ক্ষমতায় এলে ধীরে ধীরে বাস্তবায়ন করা হবে। 

তিনি বলেন, ১৯৭১-এ আমরা স্বাধীনতা অর্জন করেছি, ২০২৪ সালে ছাত্র-জনতা স্বাধীনতাকে রক্ষা করেছে। ৫ আগস্টের পর থেকেই একটি দল বিএনপির সমালোচনা করে যাচ্ছে। প্রতিপক্ষের গিবত, সমালোচনা করলে আমাদের পেট ভরবে না। 

তারেক রহমান বলেন, আমাদের সঙ্গে যারা রাজনীতি করে তারা আমাদের কিছু পরিকল্পনা নিয়ে সমালোচনা করছে। তারা সমালোচনা করুক, আমরা আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে চাই।