logo
Advertisement

সুবর্ণচরে ৯৯ বস্তা সরকারি চাল জব্দ নিয়ে জামায়াতের বিবৃতি

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
সুবর্ণচরে ৯৯ বস্তা সরকারি চাল জব্দ নিয়ে জামায়াতের বিবৃতি
ছবি: সংগৃহীত

নোয়াখালীর সুবর্ণচরে এক জামায়াত নেতার বাড়ি থেকে ৯৯ বস্তা সরকারি চাল জব্দ নিয়ে বিবৃতি দিয়েছে স্থানীয় জামায়াত।

শনিবার (১৬ মে) রাতে জামায়াতের নোয়াখালী জেলার সুর্বণচর উপজেলায় ১নং চরজব্বার ইউনিয়নের সেক্রেটারি মুজাহিদুল আহমেদ স্বাক্ষরিত এক বিবৃতিতে জানান, লক্ষ্মীপুরের রামগতির পোড়াগাছা ও পার্শ্ববর্তী ইউনিয়নের কয়েকটি মাদ্রাসার সরকারি বরাদ্দকৃত চাল নিয়ে একটি মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন অপপ্রচার চালাচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়, উক্ত চালসমূহ সম্পূর্ণ বৈধ প্রক্রিয়া, নিয়মনীতি ও প্রয়োজনীয় কাগজপত্র অনুসরণ করে মাদ্রাসা থেকে চাল ক্রয় করেছেন ডিলার আলী আজগর (স্বত্ত্বাধিকারী- স্মার্ট বাজার ডেলি শপ)। যে সকল মাদ্রাসা থেকে চাল ক্রয় করা হয়েছে, সেগুলো হলো—শিক্ষাগ্রাম দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা, আশরাফুল উলুম ইসলামিয়া নূরানী মাদ্রাসা ও ইখলাস নুরানী কওমী মাদ্রাসা।

‘লেনদেনের সকল বৈধ কাগজপত্র, রশিদ এবং প্রয়োজনীয় প্রমাণাদি যথাযথভাবে সংরক্ষিত রয়েছে। অথচ একটি কুচক্রী মহল রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থ হাসিলের উদ্দেশ্যে বিষয়টিকে বিকৃতভাবে উপস্থাপন করে ৯নং ওয়ার্ড সভাপতি পল্লী চিকিৎসক আব্দুস সামাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। বাস্তবে ক্রয়-বিক্রয়ের সঙ্গে তাঁর প্রত্যেক্ষ ও পরোক্ষ কোনোভাবেই সম্পৃক্ততা না থাকা সত্ত্বেও তাকে জড়িয়ে মিথ্যা তথ্য প্রচার করা হচ্ছে, যা সম্পূর্ণ অনভিপ্রেত ও দুঃখজনক।’

বিবৃতিতে আরও বলা হয়, এ ধরনের বিভ্রান্তিকর প্রচারণা ফ্যাসিবাদী মানসিকতারই বহিঃপ্রকাশ, যেখানে ব্যক্তিগতভাবে দায়ী না হয়েও রাজনৈতিক উদ্দেশ্যে একজন ব্যক্তিকে টার্গেট করা হচ্ছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, প্রশাসন নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করবে এবং দোষীদের চিহ্নিত করবে।

মিথ্যা ও অপপ্রচারের মাধ্যমে সত্যকে কখনই আড়াল করা যাবে না বলেও জানিয়েছে নোয়াখালী জামায়াত।