শ্রমিকদের ঈদ আনন্দ নষ্ট না করার আহ্বান ইসলামী আন্দোলনের

পোশাক খাতে বকেয়া বেতন ও বোনাস নিয়ে উদ্বেগ কাটিয়ে কোনো অজুহাতে শ্রমিকদের ঈদ আনন্দ নষ্ট না করার আহ্বান জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) দলটির পক্ষ থেকে এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।
এতে বলা হয়, ঈদ ঘনিয়ে আসলেই দেশের অর্থনীতির প্রাণভোমরা পোশাক খাতের হাড়ভাঙা পরিশ্রম করা শ্রমিকদের বেতন-বোনাস নিয়ে অস্থিরতা তৈরি হয়। দিনরাত একাকার করে কাজ করা শ্রমিকদের বেতন-বোনাস নিয়ে নানা টালবাহানা তৈরি হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ জোরালো দাবি জানাচ্ছে যে, শ্রমিকদের পাওনা নিয়ে কোনো ছলচাতুরী না করে সময়মতো তাদের বেতন-বোনাস বুঝিয়ে দিতে হবে।
‘পোশাক খাতে মালিকরা প্রত্যেকেই ধনকুবের বলে পরিচিত। শ্রমিকদের পরিশ্রমেই তারা সম্পদশালী হন। কিন্তু সেই শ্রমিকদের ঈদের বোনাস ও বেতন পরিশোধে তাদের মনোভাব সমর্থনযোগ্য না। ঈদ এলেই শ্রমিকদের বেতন-বোনাস দেওয়া নিয়ে তাদের সঙ্গে রাষ্ট্রকে বসতে হয়। তারা নানা দাবি উত্থাপন করেন এবং অনেক ক্ষেত্রে সরকার বাধ্য হয়ে তাদের দাবি মেনেও নেন। এবারও নগদ প্রণোদনা চাইছে বিজিএমইএ।’
বিবৃতিতে আরও বলা হয়, দেশের সবচেয়ে সুবিধাপ্রাপ্ত ও লাভজনক একটি খাতও শ্রমিকদের ঈদ আনন্দকে পুঁজি করে স্বার্থ আদায় করার এই প্রবণতা কোনো শুভলক্ষণ না। ইসলামী আন্দোলন বাংলাদেশ আগামী ২০ রোজার মধ্যে সকল শ্রমিকদের বকেয়া বেতন ও বোনাস সম্পূর্ণ আদায় করে দেওয়ার আহ্বান জানাচ্ছে।