এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির

এশিয়া পোস্ট প্রতিবেদক
এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন অঞ্চলে চলমান ভয়াবহ বন্যা, টানা অতিবর্ষণ ও জলাবদ্ধতার কারণে এইচএসসি ও সমমান পরীক্ষা অবিলম্বে দেশব্যাপী স্থগিত করার জোর দাবি জানিয়েছে জাতীয় ছাত্রশক্তি।

সোমবার (১৩ জুলাই) সংগঠনের সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার স্বাক্ষরিত এক বিবৃতিতে এই দাবি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, বন্যা ও অতিবৃষ্টির কারণে লাখ লাখ পরীক্ষার্থীর শিক্ষাজীবন চরম ঝুঁকিতে পড়েছে। চট্টগ্রাম ও সিলেট বিভাগসহ দেশের প্রধান প্রধান শহরগুলোর রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। বহু পরীক্ষা কেন্দ্র বন্যার পানিতে প্লাবিত হওয়ায় সেগুলো এখন আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় বুক সমান পানি ও তীব্র স্রোত পেরিয়ে শিক্ষার্থীদের পক্ষে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো অসম্ভব হয়ে পড়েছে।

ছাত্রশক্তি আরও জানায়, চারদিকে যখন মৃত্যুর খবর আসছে, তখন পরীক্ষা চালু রাখা অত্যন্ত অমানবিক। অনেক পরীক্ষার্থীর ঘরবাড়ি ও বইখাতা বন্যার পানিতে ভেসে গেছে। এ ছাড়া গ্রাম এলাকায় দিনের পর দিন বিদ্যুৎ ও ইন্টারনেট না থাকায় শিক্ষার্থীরা চরম অনিশ্চয়তায় ভুগছে। এই পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া হলে তা মেধা মূল্যায়নের ক্ষেত্রে চরম বৈষম্য তৈরি করবে।

বিবৃতিতে শিক্ষার্থীদের জীবন রক্ষা ও সমতা নিশ্চিত করতে চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা অবিলম্বে স্থগিত করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর নতুন সময়সূচি ঘোষণা করাই এই মুহূর্তের সবচেয়ে প্রাজ্ঞ ও মানবিক সিদ্ধান্ত হবে বলেও উল্লেখ করা হয়।