কর্মসংস্থান না হলে বেকারদের দ্বারা আরেকটি অভ্যুত্থান হবে: সারজিস আলম

এশিয়া পোস্ট ডেস্ক
কর্মসংস্থান না হলে বেকারদের দ্বারা আরেকটি অভ্যুত্থান হবে: সারজিস আলম
সিরাজগঞ্জে সমাবেশে এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, বিএনপি সরকারকে বলতে চাই আপনারা আমাদের গণঅভ্যুত্থানের সহযোদ্ধা ছিলেন। আপনারাও নিপীড়িত নির্যাতিত ছিলেন। এই বাংলাদেশের তরুণ প্রজন্মের যৌক্তিক কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে আমাদের এই নতুন বাংলাদেশ। তাদের জন্য আপনাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। যদি কর্মসংস্থানের ব্যবস্থা না করতে পারেন, যেদিন এই তরুণ প্রজন্ম চাকরির অভাবে বিক্ষুব্ধ হবে, ওইদিন এই বাংলাদেশে কর্মসংস্থানের অভাবে বেকারদের দ্বারা আরেকটি অভ্যুত্থান হবে।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল ৫টার দিকে দেশব্যাপী জুলাই পদযাত্রার অংশ হিসেবে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পৌর মুক্ত মঞ্চে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

সারজিস আলম বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট বিকেলের দিকে অসংখ্য মানুষ অঝোরে কান্না করে একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল। আরও অসংখ্য মানুষ আছে, যারা আকাশের দিকে তাকিয়ে স্বপ্ন দেখেছিল, অন্তত এই বাংলাদেশে এতদিনের জুলুমের একটা পরিবর্তন হবে। প্রত্যেকটা ঘুনে ধরা সিস্টেম, ৫৩ বছরের জঞ্জাল শেষ হয়ে আমরা নতুন করে একটা বাংলাদেশ দেখতে পারব।

তিনি আরও বলেন, বিগত দুই বছরে আমাদের যতটুকু প্রত্যাশা ছিল, আমরা ততটুকু না পাওয়ার কারণে আমরা এনসিপি মনে করেছি, এখন আর সময় নাই ঢাকা শহরে বসে রাজনীতি করার। বাংলাদেশের রাজনীতিতে একটা পরিবর্তন আনতে হবে। আমাদের প্রত্যেকটা উপজেলা ইউনিয়নে যেতে হবে। মানুষের সঙ্গে মিশতে হবে। আমাদের জুলাইযোদ্ধা যারা স্কুলে পড়ে কলেজে পড়ে, তাদের কথা শুনতে হবে এবং সেই কথাগুলোকে আগামীর বাংলাদেশের আকাঙ্ক্ষা হিসেবে ধারণ করে পূরণ করতে হবে।

বিদ্যুৎমন্ত্রীকে উদ্দেশ করে সারজিস আলম বলেন, বাকি ৬৩ জেলার কথা বাদ দিলাম। আপনার এই জন্মভূমির জেলার মানুষও সাক্ষী দেবে, আপনার এই উল্লাপাড়া সিরাজগঞ্জেও লোডশেডিং হয়। তাহলে আমরা শুধু কথার ফুলঝুরি দেখতে চাই না, আমরা কথার সাথে কাজের মিল দেখতে চাই। আমরা বাস্তবায়ন দেখতে চাই।

তিনি বলেন, বিএনপি সরকার তাদের নির্বাচনি ইশতেহারে বলেছিল, তারা দেড় বছরের মধ্যে ১ কোটি কর্মসংস্থান করবে। চার থেকে সাড়ে চার মাস হয়েছে। আপনারা বলেন, এই উল্লাপাড়ার নতুন করে ১ হাজার কর্মসংস্থান হয়েছে কি? হয় নাই। যে মানুষগুলোর অভাব ছিল সেই মানুষগুলোর অভাব আরও বৃদ্ধি পাচ্ছে। আমাদের তরুণ প্রজন্মের মুখে নতুন কথা এসেছ, অনেক তো কার্ড দিলেন, এবার তরুণ প্রজন্মকে একটি বেকার কার্ড দেওয়া শুরু করেন।

এ সময় এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য আতিক মুজাহিদ, এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম সদস্যসচিব মাহিন সরকারসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।