logo

দলীয় পদ ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন 

দলীয় পদ ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। নিরপেক্ষতার জন্য পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি। 

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর দেড়টার দিকে বিরতির পর শুরু হওয়া সংসদ অধিবেশনে এ কথা জানান তিনি। 

স্পিকার হাফিজ উদ্দিন তার বক্তব্যে বলেন, ‘বাংলাদেশের জনগণ গণতন্ত্রের অতন্দ্র প্রহরী। এই সংসদ গণতন্ত্রের প্রতীক। এরই মধ্যে আমি নিরপেক্ষতার খাতিরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছি।’

এ সময় সব সংসদ সদস্যকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হন হাফিজ উদ্দিন আহমদ। ডেপুটি স্পিকার হন ব্যারিস্টার কায়সার কামাল। তাদের শপথ পাঠ করান রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। 

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের আহ্বানে বেলা ১১টার দিকে সংসদের কার্যক্রম শুরু হয়। সংসদ অধিবেশনে সভাপতিত্ব করার জন্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করেন সংসদীয় নেতা তারেক রহমান। এতে পূর্ণ সমর্থন জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সরকারি দলের সংসদ সদস্যরা। এ ছাড়া জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহেরও অধিবেশনে সভাপতিত্ব করার জন্য খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাবকে সমর্থন জানান। 

ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে স্পিকার নির্বাচিত করা হয়। বিনা প্রতিদ্বন্দ্বিতায় ও কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে স্পিকার নির্বাচিত হন মেজর হাফিজ উদ্দিন।