জমি ও ফ্ল্যাট বিক্রি করে পাঁচ বছর রাজনীতি করেছি: ফজলে হুদা বাবুল
-214b3d.jpg)
নিজের জমি ও ফ্ল্যাট বিক্রি করে গত পাঁচ বছর রাজনীতি করেছেন বলে মন্তব্য করেছেন নওগাঁ ৩ আসনের সংসদ সদস্য ও জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে হুদা বাবুল।
তিনি বলেন, রাজনীতির জন্য নিজের ব্যক্তিগত সম্পদ ব্যয় করেও তিনি নেতাকর্মীদের পাশে থেকেছেন এবং তাদের আইনি লড়াইয়ের খরচ বহন করেছেন।
সম্প্রতি এশিয়া পোস্টের ধারাবাহিক অনুষ্ঠান আলাপনে এসে এসব কথা বলেন তিনি।
ফজলে হুদা বাবুল জানান, ২০১৪ সালে তার উপজেলায় ৭৩ জন নেতাকর্মী দ্রুত বিচার আইনে আড়াই মাস কারাভোগ করেন। তিনি বলেন, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত তাদের জামিন ও মামলার যাবতীয় খরচ তিনি নিজের কর পরিশোধিত ও বিদেশ থেকে পাঠানো (রেমিটেড) অর্থ থেকে বহন করেছেন। তিনি মনে করেন, এই ত্যাগ এবং নেতাকর্মীদের আস্থার কারণেই তিনি আজ সংসদ সদস্য হওয়ার সুযোগ পেয়েছেন।
তিনি আরও বলেন, গত পাঁচ বছর চাকরি ছেড়ে শতভাগ সময় রাজনীতিতে দিয়েছেন। এই দীর্ঘ সময়ে জীবনযাপন এবং রাজনৈতিক কর্মকাণ্ডের ব্যয় মেটাতে তাকে পৈত্রিক জমি ও ঢাকার ফ্ল্যাট পর্যন্ত বিক্রি করতে হয়েছে। তিনি জানান, একসময় উচ্চ বেতনে একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করলেও রাজনীতির পেছনে সব ব্যয় হয়ে যাওয়ায় কোনো সঞ্চয় করতে পারেননি।
ফজলে হুদা বাবুল আরও বলেন, মামলার কারণে দীর্ঘদিন নিজের বাড়িতে থাকতে পারেননি। গ্রেপ্তার এড়াতে তাকে বিভিন্ন হোটেলে এবং সীমান্তবর্তী এলাকার বিভিন্ন থানার আওতায় আত্মগোপনে থাকতে হয়েছে বলেও তিনি জানান।
.png)


-8dc2f2.jpg)



