এমপি হতে না পেরে মন্ত্রী ডা. জাহিদের ওপর ক্ষোভ ঝাড়লেন বিএনপি নেত্রী

দিনাজপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসনাহেনা হীরা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. জাহিদ হোসেনের বিরুদ্ধে রাজনৈতিকভাবে বাধা সৃষ্টি, অপমান এবং দলীয় কার্যক্রমে হস্তক্ষেপের অভিযোগ তুলেছেন।
সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব অভিযোগ করেন তিনি।
পোস্টে হাসনেহেনা হীরা লেখেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. জাহিদ হোসেন স্যার। আপনি বলেছিলেন, আমাকে দেখে নেবেন। দেখে নিলেন। তাই আমার আন্দোলন, সংগ্রাম ও সামাজিক কাজ সব বৃথা। আপনি দিনাজপুরে কোনো ভালো রাজনীতিবিদকে টিকতে দেবেন না। আপনি দিনাজপুরে দায়িত্ব পাওয়ার পর যাকে মন চেয়েছে বহিষ্কার করেছেন আবার যাকে মন চেয়েছে পদ দিয়েছেন। আপনি নোংরা মানুষগুলোকে সাপোর্ট দেবেন।
তিনি ২০২২ সালে দিনাজপুর জেলা বিএনপির কাউন্সিলের প্রসঙ্গ টেনে বলেন, আমার নমিনেশন বাতিল করার আপ্রাণ চেষ্টা করেছিলেন। কিন্তু আমি সর্বোচ্চ ভোট পেয়ে তখন দিনাজপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হই।
পোস্টে তিনি দাবি করেন, বিভিন্ন কর্মসূচিতে তাকে অপমান করা হলেও তিনি কখনও অসন্মানজনক আচরণ করেননি। নিজেকে একজন সৎ ও নিবেদিত কর্মী হিসেবে উল্লেখ করে তিনি বলেন, রাজনীতির জন্য নিজের সম্পদ বিক্রি করেও কাজ করেছেন।
সবশেষে তিনি বিষয়টি মহান আল্লাহর ওপর ছেড়ে দিয়েছেন বলে উল্লেখ করেন এবং ন্যায়বিচারের প্রত্যাশা করেন।