তেলের দাম বাড়িয়ে জনগণকে কষ্টে ফেলে দেওয়া হয়েছে: চরমোনাই পীর

জ্বালানির দাম একলাফে বিশ টাকা বৃদ্ধি করে জনগণকে কষ্টের মধ্যে ফেলে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর ২টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে গাউছিয়া রয়েল মুন রেস্টুরেন্টে অনুষ্ঠিত সুধী সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে চরমোনাই পীর বলেন, জ্বালানির দাম বৃদ্ধির প্রভাব জনজীবনের সব ক্ষেত্রে পড়বে। পরিবহন খরচ বাড়বে, নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়বে। জীবনের প্রতিটি ক্ষেত্র ক্ষতিগ্রস্ত হবে। অভাব-অনটনের মধ্যে থাকা জনগণকে এভাবে কষ্টে ফেলা যাবে না।
তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকট মহামারি আকার ধারণ করেছে মন্তব্য করে ইসলামী আন্দোলনের আমির বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে নাজেহাল জনগণ। চলমান দুর্নীতি, দুঃশাসনই এই অস্থিরতার অন্যতম কারণ। রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামি অনুশাসন প্রতিষ্ঠা করতে না পারলে এর থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়।
বিশেষ অতিথির বক্তব্যে দলের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, বৈশ্বিক সংকট আছে সত্য। সরকারের কাজ হলো, সংকট মোকাবিলা করা। সরকার যদি সংকটকে সরাসরি জনগণের ওপরে চাপিয়ে দেয়, তাহলে সরকারের দরকার কি?
দলের নারায়ণগঞ্জ জেলার সভাপতি আলহাজ আব্দুর রশীদের সভাপতিত্বে এবং সেক্রেটারি মুফতি শিব্বির আহমাদের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আরিফুল ইসলাম, নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মাওলানা দ্বীন ইসলাম, নারায়ণগঞ্জ জেলার সহ-সভাপতি আলহাজ ফারুক আহমাদ মুন্সী, মাও. হাবিবুর রহমান জিহাদী, নজরুল ইসলাম মাস্টার প্রমুখ।
