মুক্তিযোদ্ধা মানিকের দাফনে বাধার অভিযোগে জামায়াতের তদন্ত কমিটি

পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধা দেওয়ার অভিযোগের সত্যতা যাচাই করতে দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক বিশেষ বৈঠকে এই কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকের সভাপতিত্ব করেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
রাত সাড়ে ৮টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ঘটনার তদন্ত করে এর সঙ্গে সংগঠনের কেউ জড়িত রয়েছেন কি না তা কমিটি তদন্ত করে দেখবে। এ ব্যাপারে তদন্ত কমিটিকে সার্বিক সহযোগিতা করার জন্য স্থানীয় সংগঠনকে নির্দেশ প্রদান করা হয়।
তদন্ত কমিটির সদস্যরা হলেন, সাইফুল আলম খান মিলন এবং নূরুল ইসলাম বুলবুল। কমিটিকে সম্পূর্ণ নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত পরিচালনা করে আগামী ৩ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
মুক্তিযোদ্ধা মানিক পশারী একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সাবেক নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছিলেন।
শনিবার (২৪ অক্টোবর) মানিক পশারী মারা যান। কিন্তু তাকে পিরোজপুরে গার্ড অব অনার দেওয়াকে কেন্দ্র করে শনিবার উত্তেজনা দেখা দেয়। তার দাফন নিয়েও বাধা দেওয়ার ঘটনা ঘটে।



