ঢাকা উত্তরে ৪ থানা ২৩ ওয়ার্ডে কমিটি দিল কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ

এশিয়া পোস্ট ডেস্ক
ঢাকা উত্তরে ৪ থানা ২৩ ওয়ার্ডে কমিটি দিল কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ
ছবি : সংগৃহীত

ঢাকা মহানগর উত্তরে চার থানা ও অন্তর্ভুক্ত ২৩টি ওয়ার্ডে আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। থানাগুলো হলো মোহাম্মদপুর, শেরেবাংলা নগর, আদাবর ও কাফরুল।

বুধবার (৮ জুলাই) ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান ও সাধারণ সম্পাদক এম এ মান্নান কচি স্বাক্ষরিত এ কমিটি অনুমোদন দেওয়া হয়।

বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের এক জরুরি সাংগঠনিক সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল, সুসংগঠিত, শক্তিশালী ও কার্যকর করার লক্ষ্যে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের অধীনস্থ চারটি থানা—মোহাম্মদপুর, শেরেবাংলা নগর, আদাবর ও কাফরুলের আহ্বায়ক কমিটি এবং বিভিন্ন থানার অন্তর্ভুক্ত ০৪, ০৯, ১১, ১৪, ১৫, ১৬, ১৯, ২০, ২৪, ২৮, ২৯, ৩০, ৩১, ৩২, ৩৩, ৩৪, ৩৭, ৪৩, ৫০, ৯৪, ৯৫, ৯৬ ও ১০০ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হলো।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ৫৫ সদস্যবিশিষ্ট মোহাম্মদপুর থানা কমিটির আহ্বায়ক করা হয়েছে অধ্যক্ষ এম এ সাত্তারকে। তিনি মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং সদস্য সচিব করা হয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তারেকুজ্জামান রাজীবকে।

২৯ সদস্যবিশিষ্ট আদাবর থানা কমিটির আহ্বায়ক করা হয়েছে সাবেক কাউন্সিলর আবুল হাসেম হাসুকে এবং সদস্য সচিব করা হয়েছে আরিফুর রহমান তুহিনকে।

৩৭ সদস্যবিশিষ্ট কাফরুল থানা কমিটির সাবেক কাউন্সিলর জামাল মোস্তফাকে এবং সদস্য সচিব হলেন ৯৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মইজ উদ্দিন।

৪১ সদস্যবিশিষ্ট শেরেবাংলা নগর থানা কমিটির আহ্বায়ক হলেন সাবেক কাউন্সিলর ফোরকান হোসেন এবং সদস্য সচিব হলে ইফতেখারুল আলম হিরক।