logo

আসিফ মাহমুদের ফেসবুক পোস্ট ভারতে ‘ব্লক’

আসিফ মাহমুদের ফেসবুক পোস্ট ভারতে ‘ব্লক’
এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদের ফেসবুক পোস্ট ভারতে ‘ব্লক’ করা হয়েছে। ছবি: এশিয়া পোস্ট কোলাজ

ভারতে আটক আন্দোলনকারীদের মুক্তি চেয়ে দেওয়া নিজের একটি ফেসবুক পোস্ট দেশটিতে ব্লক করা হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

রোববার (১১ অক্টোবর) রাতে নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে এসব অভিযোগ করেন আসিফ মাহমুদ। পোস্টের সঙ্গে একটি নোটিশের স্ক্রিনশটও যুক্ত করেন তিনি।

পোস্টে আসিফ মাহমুদ লেখেন, ‘ভারতে আন্দোলনকারীদের মুক্তি চেয়ে দেওয়া একটা পোস্ট ইন্ডিয়াতে ব্যান করা হয়েছে।’

এক্সে গালাগালের অভিযোগ তুলে তিনি লেখেন, ‘টুইটারে ভারতীয় একটা দলের বটরা গালাগাল করছে।’

এ ঘটনার পরিপ্রেক্ষিতে মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক পরিবেশ নিয়ে প্রশ্ন তুলে পোস্টের শেষে তিনি মন্তব্য করেন, ‘গণতন্ত্র দেশে দেশে!’

আসিফ মাহমুদের শেয়ার করা স্ক্রিনশট অনুযায়ী, ভারতের তথ্যপ্রযুক্তি আইন, ২০০০-এর ৭৯(৩)(বি) ধারায় ভারত সরকার বা আইন প্রয়োগকারী সংস্থার পাঠানো নোটিশের ভিত্তিতে মেটা তার ওই পোস্টটির অ্যাক্সেস ভারতে ‘ব্লক’ করেছে। এর ফলে পোস্টটি ভারতের ব্যবহারকারীরা দেখতে পারবেন না।