Advertisement

এনসিপি নেতারা সরকারে যাওয়ায় তাদের অবদান ম্লান হয়েছে: ফজলে হুদা বাবুল

এশিয়া পোস্ট নিউজ
এনসিপি নেতারা সরকারে যাওয়ায় তাদের অবদান ম্লান হয়েছে: ফজলে হুদা বাবুল
ফজলে হুদা বাবুল

এনসিপির নেতারা অন্তর্বর্তী সরকারে যাওয়ায় তাদের রাজনৈতিক অবদান ম্লান হয়েছে বলে মন্তব্য করেছেন নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে হুদা বাবুল। তিনি বলেন, জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া তরুণদের ক্ষমতার অংশীদার হওয়ার পরিবর্তে স্বতন্ত্র রাজনৈতিক অবস্থান ধরে রাখা উচিত ছিল।

সম্প্রতি এশিয়া পোস্টের ধারাবাহিক অনুষ্ঠান আলাপনে এসে এসব কথা বলেন তিনি।

ফজলে হুদা বাবুল জানান, আন্দোলনকারীরা যদি উপদেষ্টা পরিষদে না গিয়ে স্বাধীনভাবে নির্বাচনে অংশ নিতেন, তাহলে রাজনীতিতে একটি নতুন ও স্থায়ী বন্দোবস্ত তৈরি করা সম্ভব হতো। তিনি বলেন, এখন তারা ক্ষমতার অংশ হয়ে যাওয়ায় এবং প্রশাসনিক প্রটোকল গ্রহণ করায় আন্দোলনের সময়কার সেই আবেদন অনেকটাই ম্লান হয়ে গেছে।

তিনি আরও বলেন, তরুণ নেতৃত্বকে ক্ষমতার ভাগ নেওয়ার পরিবর্তে রাষ্ট্র সংস্কার ও রাজনৈতিক পরিবর্তনের প্রশ্নে বেশি মনোযোগী হওয়া উচিত ছিল। তার মতে, এতে তারা জনগণের কাছে আরও গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য অবস্থানে থাকতে পারতেন।

ফজলে হুদা বাবুল বলেন, আন্দোলনের সময় তাদের যে ত্যাগ ও আদর্শিক অবস্থান ছিল, সরকারে যোগ দেওয়ার পর সাধারণ মানুষের একটি অংশের কাছে সেই অবস্থান থেকে সরে আসার ধারণা তৈরি হয়েছে। ফলে আন্দোলনের সময় অর্জিত নৈতিক শক্তিও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে করেন তিনি।

তিনি আরও বলেন, গাড়িবহর বা প্রশাসনিক সুযোগ-সুবিধা গ্রহণ না করে রাজপথে থেকে রাজনীতি করলে তারা দেশের মানুষের কাছে আরও বেশি স্মরণীয় হয়ে থাকতেন। তার মতে, স্বতন্ত্র রাজনৈতিক অবস্থান ধরে রাখলে তরুণ নেতৃত্বের প্রভাব ও আবেদন আরও শক্তিশালী হতো।