সারা দেশে বিএনপি নেতাকর্মীদের দায়িত্বশীল আচরণ করার আহ্বান তারেক রহমানের

সারা দেশে বিএনপি নেতাকর্মীদের দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিজয়ের পর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে বিকেল সাড়ে ৩টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে সংবাদ সম্মেলনে যোগ দিয়ে তিনি এ আহ্বান জানান।
তারেক রহমান বলেন, ভোটে অংশ নেওয়া দলগুলোর মধ্যে ভিন্নমত থাকতে পারে, কিন্তু দেশ গঠনে আমরা সবাই ঐক্য। দেশের স্বার্থে আমরা ঐক্যবদ্ধ থাকব ইনশাআল্লাহ। এবার আমাদের দেশ গড়ার পালা।
সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারম্যান নির্বাচনে বিএনপি জয়ী হওয়ায় দেশবাসীকে ধন্যবাদ জানান। তিনি বলেন, এই জয় বাংলাদেশের, বাংলাদেশের মানুষের।
এ সময় তিনি নির্বাচনে অংশ নেওয়া দল, বিশেষ করে জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন এবং জমিয়তে উলামায়ে ইসলামকে ‘আন্তরিক ধন্যবাদ’ জানান তারেক রহমান। তিনি বলেন, সরকার এবং বিরোধী দল যে যার অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করলে অবশ্যই দেশে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ লাভ করবে।
নির্বাচনে অংশগ্রহণকারী ও প্রতিটি রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, দেশ গঠনে আপনাদের চিন্তা-ভাবনা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমাদের পথ ভিন্ন থাকতে পারে, কিন্তু দেশের স্বার্থে সবাই এক। আমি বিশ্বাস করি জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন দুর্বলতা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯টিতে জয় পেয়েছে। ফল ঘোষণা স্থগিত থাকা দুটি আসনেও (চট্টগ্রাম-২, ৪) বিএনপি প্রার্থীরা এগিয়ে আছেন। তাদের শরিকরা পেয়েছে ৩টি আসন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮ আসন। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পেয়েছে ৬ আসন। স্বতন্ত্র ও অন্যান্য দল মিলিয়ে পেয়েছে ১৪টি আসন।