প্রচার হওয়া খবরের সঙ্গে দুদকের অভিযোগের মিল নেই: আসিফ মাহমুদ

প্রচার হওয়া খবরের সঙ্গে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা অভিযোগের কোনো মিল নেই বলে দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বুধবার (২ সেপ্টেম্বর) রাতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বিভিন্ন গণমাধ্যমে যেসব খবর প্রচার হয়েছে, তার সঙ্গে দুদকের অভিযোগের বিষয়বস্তুর মিল নেই।
আসিফ মাহমুদ বলেন, দুদক আমাকেসহ চারজনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে, সকাল থেকে এমন রিপোর্ট দেখছি। কিন্তু এসব রিপোর্টে কোনো নির্দিষ্ট তথ্য পাইনি, কোনো সূত্রও ছিল না। এসব বিষয়ে অনেকে আমার মতামত জানতে চেয়েছেন। কিন্তু আমি অপেক্ষায় ছিলাম, কখন দুদক নির্দিষ্ট তথ্য জানায়।
তিনি বলেন, বিকেলে দুদকের সংবাদ সম্মেলন হলো। সেখানে মুখপাত্র বক্তব্য রাখলেন। আমাদের হাতেও নির্দিষ্ট অভিযোগের কাগজ এলো। তখন দেখতে পেলাম, সকাল থেকে বিভিন্ন গণমাধ্যমে যেসব রিপোর্ট করা হচ্ছে, সেগুলোর সঙ্গে প্রকৃত অভিযোগের কোনো মিল নেই।
নিজের বিরুদ্ধে থাকা অভিযোগ প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, দুটি অভিযোগের কোনোটিতেই ব্যক্তিগত পর্যায়ে আমার কোনো সংশ্লিষ্টতা নেই। এগুলো সচিব পর্যায়ে নিষ্পত্তি হওয়ার বিষয়।
তিনি জানান, এর মধ্যে একটি বিষয় আদালতের নির্দেশে বাস্তবায়ন করা হয়েছে। অন্যটি সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) তালিকা অনুযায়ী পদোন্নতি দেওয়ার বিষয়।
আসিফ মাহমুদ বলেন, এই দুটি ফাইলই সচিব পর্যায়ে নিষ্পত্তিযোগ্য। এটি আমার কাছেও আসেনি এবং আমার স্বাক্ষরও ফাইলে নেই।
এ ঘটনায় নিজের মানহানি হয়েছে দাবি করে তিনি দুদকের পুরো প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ ও রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেন।
তিনি অভিযোগ করেন, দুদককে আবারও রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে বিরোধী দল ও ভিন্নমতকে দমন-পীড়ন করা হচ্ছে।
নিজের মানহানির জন্য দুদককে ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন আসিফ মাহমুদ। একই সঙ্গে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলো প্রত্যাহারেরও দাবি জানান তিনি। অন্যথায় আইনি পদক্ষেপ হিসেবে দুদকের বিরুদ্ধে মানহানির মামলা করার হুঁশিয়ারি দেন এনসিপির এই মুখপাত্র।



