logo

অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ জামায়াত আমিরের

অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ জামায়াত আমিরের
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি। ছবি: নয়া দিগন্ত থেকে নেওয়া

অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরের উদ্দেশে ২০ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ঢাকা ত্যাগ করেছেন।

শুক্রবার (২০ নভেম্বর) রাত ১২টা ৫০ মিনিটে তিনি ঢাকা ত্যাগ করেন।

Advertisement

সফরকালে ডা. শফিকুর রহমান অস্ট্রেলিয়া সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিদের সাথে বৈঠক করবেন। পাশাপাশি প্রবাসী বাংলাদেশীদের আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। এছাড়া মালয়েশিয়ায় প্রবাসীদের আয়োজিত কর্মসূচিতেও অংশগ্রহণ করবেন তিনি।

আমিরে জামায়াতের সফরসঙ্গী হিসেবে রয়েছেন ডা. মোসলেহ উদ্দিন ফরিদ এমপি, আমিরে জামায়াতের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান এমপি এবং বিরোধীদলীয় নেতার এপিএস মুহাম্মদ নজরুল ইসলাম।

ঢাকা ত্যাগের সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানান সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এমপি এবং উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনসহ সংগঠনের নেতৃবৃন্দ।

আগামী ২৬ নভেম্বর ২০২৬ বিরোধীদলীয় নেতা দেশে ফিরবেন।