জনগণের সঙ্গে রাজনীতি করার ফল ভালো হয় না: আসিফ মাহমুদ

রাজনীতিবিদদের সঙ্গে রাজনীতি করা যায়, কিন্তু জনগণের সঙ্গে রাজনীতি করার ফল ভালো হয় না বলে সতর্ক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর জনগণের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেই রায়ের বিরুদ্ধে যদি কোনো পক্ষ ধৃষ্টতা দেখায়, তবে তারা আবারও রাজপথে নামতে বাধ্য হবেন।
সম্প্রতি এশিয়া পোস্টের ধারাবাহিক আয়োজন ‘আলাপন’-এ তিনি এসব কথা বলেন।
বর্তমানে সংসদে চলমান গণভোটসংক্রান্ত বিতর্ক নিয়ে আসিফ মাহমুদ বলেন, জনগণের রায়ের বিরুদ্ধে এই ধৃষ্টতা দেখানো অত্যন্ত দুঃখজনক। জনগণের ইচ্ছাই সবকিছুর ওপরে এবং এর সঙ্গে রাজনীতি করার পরিণাম শুভ হবে না।
তিনি মনে করেন, জুলাই অভ্যুত্থানের পর মানুষ রাষ্ট্রের কাঠামোগত যে সংস্কার চেয়েছিল, তা বাস্তবায়নে একটি বড় বাধা তৈরি করা হচ্ছে।
আসিফ মাহমুদ বলেন, জুলাই সনদ ও গণভোটের মাধ্যমে একটি জনঅংশগ্রহণের প্রক্রিয়া শুরু হলেও বর্তমানে তা অস্বীকার করার প্রবণতা দেখা যাচ্ছে। অধ্যাদেশ বাতিল এবং গণভোট বাস্তবায়ন না করার ফলে মনে হচ্ছে আমরা আবার ফ্যাসিবাদী ব্যবস্থার দিকেই ফিরে যাচ্ছি।
তিনি আরও যোগ করেন, সংসদ যদি জনগণের আকাঙ্ক্ষিত এই সংস্কার বাস্তবায়ন করতে না পারে, তবে জনগণের কাছে এই সংসদের কোনো আবেদন থাকবে না।
এনসিপি মুখপাত্র বলেন, আমরা জাতীয় স্বার্থে ঐক্য চাই এবং সংকটকালে সরকারকে সহযোগিতা করতেও প্রস্তুত। কিন্তু যখন জুলাই সনদ বা গণভোটের মতো মীমাংসিত বিষয়ে তারা জনগণের রায়ের বিরুদ্ধে যায়, তখন আমাদের রাজপথে নামা বা বিরোধিতা করা ছাড়া উপায় থাকে না।
রাজপথে নতুন করে আন্দোলন হবে কি না, তা নির্ভর করবে সরকারের সদিচ্ছার ওপর, বলছেন আসিফ মাহমুদ।
জনগণের রায় বাস্তবায়ন না হলে কোনো ধরনের রাজনৈতিক সমঝোতা সম্ভব নয় বলেও তিনি সাফ জানিয়ে দেন।