১২ ফেব্রুয়ারি ব্যর্থ হলে, ৫ আগস্ট ব্যর্থ হয়ে যাবে: নাহিদ ইসলাম

১২ ফেব্রুয়ারি যদি ব্যর্থ হয়, ৫ আগস্ট ব্যর্থ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন ঢাকা-১১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
তিনি বলেন, একটি দল বাংলাদেশকে বিপদগ্রস্ত করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। তাদের সেই পরিকল্পনাকে আমাদের পরাজিত করতে হবে ১২ ফেব্রুয়ারি। দেশকে দখলদারমুক্ত, আধিপত্যমুক্ত, সন্ত্রাসমুক্ত করতে হবে সেইদিন।
রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর বাড্ডার ডিআইটি প্রজেক্টের খেলার মাঠে ১১ দলীয় ঐক্যের নির্বাচনি জনসভায় এসব কথা বলেন তিনি।
নাহিদ বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে এই বাড্ডা রামপুরা হয়ে উঠেছিল আন্দোলন এবং প্রতিরোধের অন্যতম হটস্পট। প্রাইভেট বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থী এবং এলাকাবাসীর সম্মিলিত প্রতিরোধে ফ্যাসিস্টরা পিছু হটতে বাধ্য হয়েছিল।
কিন্তু এই অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে অর্থনৈতিক ও রাজনৈতিক বৈষম্যের শিকার হয়ে আসছে বলে জানান নাহিদ ইসলাম। তিনি বলেন, জুলাইয়ে যখন সুযোগ এসেছে তারা সেই প্রতিরোধ করেছে। ঢাকা-১১ আসনের বহু মানুষ জীবন দিয়েছে, বহু মানুষ আহত হয়েছে।
এই আসনের মানুষ জুলাই গণ-অভ্যুত্থানের সময় এবং জীবনের ২৮ বছর আশ্রয় দিয়েছেন উল্লেখ করে এনসিপির আহ্বায়ক বলেন, এখন সেই ঋণ শোধ করার সময়। আমাকে সেই সুযোগ দিলে বাকি জীবন ধরে আপনাদের ঋণ পরিশোধ করতে চাই।
এনসিপির আহ্বায়ক বলেন, ৫ আগস্টের আগে যারা প্রধান দুই দল হিসেবে পরিচিত ছিল, তাদের স্থানীয় নেতারাই গত ৩০ বছর ধরে ভাগ-বাটোয়ারা করে এই ভূমি দখল করেছে। তারা রাজনৈতিক কারণে বিরোধিতা দেখালেও ব্যবসায়ী স্বার্থে সবসময় ঐক্যবদ্ধ ছিল এবং জনগণের বিরুদ্ধে ছিল।