সরকারের ১৮০ দিনের পারফরম্যান্স আশাজাগানিয়া নয়: ইসলামী আন্দোলন

বর্তমান সরকারের ১৮০ দিনের পারফরম্যান্স আশাজাগানিয়া নয় বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।
শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ২টায় রাজধানীর ভাটারার আস-সাঈদ মিলনায়তনে ঢাকা মহানগর উত্তরের শুরার অধিবেশনে এ মন্তব্য করেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলনের মহাসচিব বলেন, ফ্যাসিবাদের পতনের পরে বহু প্রত্যাশা জাগিয়ে এবং দায় নিয়ে এই সরকার দায়িত্ব গ্রহণ করেছিল। কিন্তু ১৮০ দিন অতিক্রান্ত হলেও সরকার আশাজাগানিয়া তেমন কিছু করতে পারেনি। বিশেষ করে জুলাই সনদ বাস্তবায়নের জন্য ১৮০ দিনের যে বাধ্যবাধকতা ছিল, তা পুরোপুরি উপেক্ষিত হয়েছে।
উচ্চকক্ষ গঠনের বাধ্যতামূলক সময়ও মান্য করা হয়নি জানিয়ে তিনি বলেন, জনরায়ের প্রতি এটা স্পষ্ট উপেক্ষা ও অবজ্ঞা।
ঢাকা মহানগর উত্তর সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সেক্রেটারি ইঞ্জিনিয়ার মুরাদ হোসেনের সঞ্চালনায় শুরা অধিবেশনে বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী, কেন্দ্রীয় আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শওকত আলী হাওলাদার।



