‘আগেই ভালো ছিলাম’ ধারণা না বদলালে শেখ হাসিনা প্রাসঙ্গিক থাকবেন

যতক্ষণ মানুষের মুখ থেকে ‘আগেই ভালো ছিলাম’ কথাটা না সরে যাবে, ততক্ষণ বাংলাদেশে শেখ হাসিনা প্রাসঙ্গিক থাকবেন বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের।
সম্প্রতি এশিয়া পোস্টকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি।
জি এম কাদের বলেন, এখনও শুনছি যে আমরা আগেই ভালো ছিলাম। ‘আগেই ভালো ছিলাম’—এটা আমি আওয়ামী লীগকে সমর্থনের জন্য বলছি না। যে মানুষ বলছে আমরা আগেই ভালো ছিলাম, সে জুলাই আন্দোলনকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছে এবং একই সঙ্গে শেখ হাসিনাকে সমর্থন দিচ্ছে।
তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত মানুষের মুখ থেকে ‘আগেই ভালো ছিলাম’ কথাটা না সরে যাবে, ততক্ষণ পর্যন্ত শেখ হাসিনার ভূমিকা বাংলাদেশে থাকবে। মানুষ বলছে, আমাদের কোনোকিছুর নিরাপত্তা নেই। জানমাল, ইজ্জতের নিরাপত্তা নেই। কে কোথায় ধরবে, মারবে, কী করবে, আমরা জানি না।
প্রতিদিন জিনিসপত্রের দাম বাড়ছে জানিয়ে জাপা চেয়ারম্যান বলেন, তখন আমরা খেয়ে-পরে বাঁচতে পারতাম, পেটে ভাত ছিল। এখন তো আমরা নিশ্চিত নই, আজ খাচ্ছি, আগামীকাল খেতে পারব কি না। প্রতিদিন আমাদের আয় কমছে এবং প্রতিদিন জিনিসপত্রের দাম বাড়ছে।
তিনি বলেন, ৩ তারিখে পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলাম, এটা কোটা সংস্কার আন্দোলন নয়, এটা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন। আওয়ামী লীগ সারা দেশে বিভিন্নভাবে যে বৈষম্য সৃষ্টি করেছে এবং মুক্তিযোদ্ধা চেতনা ও মুক্তিযোদ্ধাদের ব্যবহার করে যে বৈষম্যের একটি ব্যবস্থা তৈরি করেছে, সেটার বিরুদ্ধেও এই আন্দোলন। আমি এটাও বলেছিলাম, এটা শুধু স্টুডেন্টদের কোটা সংস্কার আন্দোলন নয়, এটা ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলন।
রংপুরে জাতীয় পার্টির দুজন কর্মী জুলাই আন্দোলনে শহীদ হয়েছেন জানিয়ে তিনি বলেন, জুলাই আন্দোলনে সব জায়গায় নির্দেশ ছিল যে, স্টুডেন্ট ফ্রন্ট সরাসরি ব্যানারসহ আন্দোলনে অংশগ্রহণ করবে। রংপুরে আমাদের দুজন কর্মী শহীদ হয়েছেন, দুজন গুলিতে নিহত হয়েছেন। আরও চারজনকে গ্রেপ্তার করা হয়েছিল এবং তাদের নির্যাতন করা হয়েছিল। তারা জেলে ছিল এবং ৫ আগস্টের পর মুক্তি পেয়েছে। প্রায় ১০০ থেকে ১৫০ জনের বিরুদ্ধে মামলা ছিল, তারা পালিয়ে বেড়াত।
