
দেশজুড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে ফ্যাসিবাদবিরোধী দলগুলোর সঙ্গে বৈঠকের উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর অংশ হিসেবে সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি। তবে প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী বলছে, বিচ্ছিন্নভাবে না বসে সরকারের উচিত একটি সর্বদলীয় সংলাপ আয়োজন করা। গত ১৮ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠকে দলের এমন অবস্থানের কথা জানান জামায়াতে আমির ডা. শফিকুর রহমান। তবে এখনও পর্যন্ত সরকারের তরফে এ বিষয়ে দলটিকে কিছু জানানো হয়নি।
শুধু আওয়ামী লীগবিরোধী অবস্থান বা রাজনৈতিক সৌজন্যের আলোচনায় ঐক্য প্রতিষ্ঠা সম্ভব নয় বলে মনে করে জামায়াত। এজন্য ফ্যাসিবাদবিরোধী সর্বদলীয় জাতীয় ঐক্যের ওপর জোর দিচ্ছে দলটি। তবে একক সংলাপেও আপত্তি নেই তাদের।
জামায়াতের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, জুলাই সনদ কার্যকরের বিষয়ে সরকারকে কোনো ছাড় দিতে রাজি নয় দলটি। দলের নেতারা বলছেন, ৭০ শতাংশ ভোটারের রায়কে কোনো রাজনৈতিক দলের ৫০ শতাংশ সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা কিংবা নোট অব ডিসেন্ট দিয়ে অগ্রাহ্য করা যায় না। এত বড় গণরায় উপেক্ষা করায় বিপর্যয় নেমে এসেছে। সামগ্রিকভাবে যে অসন্তোষ তৈরি হয়েছে, তাতে সর্বদলীয় মতামত ছাড়া ঐক্য ফলপ্রসূ হওয়ার সুযোগ নেই। তাই জাতীয় ঐক্যের প্রশ্নে জুলাই জাতীয় সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন জরুরি।
জুলাই সনদ নিয়ে অনড় অবস্থানের মধ্যেই গত ১৮ নভেম্বর দেশের চলমান সংকটে প্রধানমন্ত্রীকে সংলাপে বসার প্রস্তাব দেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। পরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা প্রতিরোধে জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া দলগুলোর সঙ্গে সংলাপের উদ্যোগ নেন প্রধানমন্ত্রী। এর অংশ হিসেবে সোমবার (২৩ নভেম্বর) প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করে এনসিপির চার সদস্যের একটি প্রতিনিধিদল।
বৈঠক শেষে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘পরিস্থিতি মোকাবিলায় জনগণের ঐক্য প্রয়োজন। তবে সরকারের অতীতের ভুলত্রুটির কারণে বর্তমান অবস্থা তৈরি হওয়ায় পরিস্থিতি সামাল দেওয়ার দায়িত্বও সরকারের।’
এনসিপির পর জামায়াতের সঙ্গে সংলাপে বসার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। তবে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ৪ দিনের অস্ট্রেলিয়া সফর সম্পন্ন করে এখন দেশের পথে রয়েছেন। গত শুক্রবার দেশটিতে সফরে যান তিনি। সেখান থেকে একদিনের সফরে মালয়েশিয়া যাওয়ার কথা থাকলেও তা স্থগিত করে দেশের পথে রওয়ানা হন তিনি। জামায়াতের একটি সূত্র জানিয়েছে, আগামী ২৭ বা ২৮ নভেম্বর জামায়াতের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে। প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিতে জরুরি ভিত্তিতে ডা. শফিকুর রহমান দেশে ফিরছেন বলে মনে করা হচ্ছে।
জামায়াতের মুখপাত্র ও সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের এশিয়া পোস্টকে বলেন, ‘প্রধানমন্ত্রীকে আমাদের পরামর্শ ছিল যেন জুলাইয়ের সবগুলো দলকে একসঙ্গে ডাকা হয়। এখন আলাদা আলাদা করে ডাকবে মনে হচ্ছে। এক্ষেত্রে আমাদের অবস্থান কী হবে, তা আমরা আলোচনা করে নির্ধারণ করব।’
সরকারের পক্ষ থেকে এ বিষয়ে জামায়াতকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছে? এমন প্রশ্নে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘সরকারের পক্ষ থেকে এ বিষয়ে এখনও জামায়াতকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।’
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আজাদ এশিয়া পোস্টকে বলেন, ‘সরকারের পক্ষ থেকে না জানানো পর্যন্ত কিছু বলতে পারছি না। সরকার সর্বদলীয় সংলাপ করবে নাকি এককভাবে করবে, সে ব্যাপারে কিছু জানায়নি।’
সরকারপ্রধান ও বিরোধীদলীয় নেতার বৈঠকের আলোচনা নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি হামিদুর রহমান আজাদ। তিনি বলেন, ‘বিরোধীদলীয় নেতা সংসদে আলাপ আলোচনার আহ্বান জানিয়েছেন। তার প্রেক্ষিতে প্রধানমন্ত্রী জুলাইয়ের মতো ঐক্যের ডাক দিয়েছেন। এখন সংলাপটা কীভাবে হবে সেটা আনুষ্ঠানিক আমন্ত্রণ পেলে বোঝা যাবে।’
গণভোটের রায় বাস্তবায়নই ঐক্যের প্রধান শর্ত বলে মত দেন এহসানুল মাহবুব জুবায়ের। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে জামায়াত দাবি জানাবে, জুলাই সনদ নিয়ে গণভোটের রায় মেনে নিতে হবে। এটা বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ আবার ফিরে আসবে। ফলে এ ব্যাপারে আমরা ছাড় দেব না।’
ফ্যাসিবাদবিরোধী ঐক্যে ফাটলের জন্য সরকারের দুর্বলতাকে দায়ী করেন এহসানুল মাহবুব জোবায়ের। তিনি বলেন, ‘সরকারপ্রধান ও তার কেবিনেটের অনেকে এমন কথাবার্তা বলেছেন যা দায়িত্বশীল অবস্থান থেকে জাতি আশা করে না। ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। কিন্তু এ বিষয়ে সরকারের অবস্থান খুবই দুর্বল। এর প্রতিবাদে এবং জুলাই সনদ বাস্তবায়নে আমরা ৪০ দিনের কর্মসূচি দিয়েছি।
এদিকে দেশের উদ্ভূত পরিস্থিতি, রাজনৈতিক সংকট, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে টানা ৪০ দিনের কর্মসূচি পালন করছে জামায়াত। ২১ নভেম্বর রাজধানীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে শুরু হওয়া এই কর্মসূচি চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।
কর্মসূচির মধ্যে রয়েছে রাজধানীসহ সব মহানগর, জেলা, উপজেলা ও থানা পর্যায়ে সমাবেশ-বিক্ষোভ, আলোচনা সভা, মানববন্ধন, বিজয় র্যালি, রক্তদান ও মেডিকেল ক্যাম্প। পাশাপাশি ব্যবসায়ী, চিকিৎসক, প্রকৌশলী ও নারীদের নিয়ে পৃথক কর্মসূচি পালন করা হবে।
রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে গত ২১ নভেম্বরের গণসমাবেশে দেওয়া বক্তব্যে জুলাই সনদ নিয়ে দলীয় অবস্থানের পুনরাবৃত্তি করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে বিদ্যমান বৈষম্যমূলক রাষ্ট্রকাঠামো ভেঙে নতুন সংবিধান ও ব্যবস্থা গড়ার যে অঙ্গীকার রক্ত দিয়ে লেখা হয়েছিল, সরকার তা অগ্রাহ্য করছে। গণভোটের রায় মেনে নিলে ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ হবে।
রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে গত ১৯ নভেম্বর এক বৈঠকে অংশ নেন ১১ দলের নেতারা। এতে সভাপতিত্ব করেন জামায়াতে আমির ডা. শফিকুর রহমান। বৈঠক শেষে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেন, ‘বিরোধীদলীয় নেতা সরকারপ্রধানের আহ্বানে প্রাথমিক সাড়া দিয়েছেন। ঐক্যের প্রয়োজনীয়তা সরকারও অনুভব করছে। এই ঐক্যের প্রধান ভিত্তি হতে হবে জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়ন এবং গণভোটের রায় কার্যকর করা।’

