logo

গণভোটের রায় বাস্তবায়নে ৪ দিনের কর্মসূচি ঘোষণা ১১ দলের

গণভোটের রায় বাস্তবায়নে ৪ দিনের কর্মসূচি ঘোষণা ১১ দলের

অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্য চার দিনের কর্মসূচি ঘোষণা করেছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে নেতারা বৈঠকের সিদ্ধান্ত, পরবর্তী কর্মসূচি এবং দাবিগুলোর বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।

জনসচেতনতা তৈরির লক্ষ্যে ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে লিফলেট বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আগামী ৯ এপ্রিল বিকেল ৫টায় রাজধানীর শাহবাগে ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আনুষ্ঠানিকভাবে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচির উদ্বোধন করবেন।

এছাড়া ৯ এপ্রিল থেকে সপ্তাহব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হবে। একইসঙ্গে ১১ এপ্রিল দেশের সকল মহানগরে দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে।

১২ এপ্রিল দেশের সকল জেলায় বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। এছাড়া ১৩ এপ্রিল ঢাকার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের মুক্তিযুদ্ধ হলে একটি জাতীয় সেমিনার অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এএইচএম হামিদুর রহমান আযাদ, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান এডভোকেট আনোয়ারুল ইসলাম চান, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, জাগপার সহ-সভাপতি জনাব রাশেদ প্রধান প্রমুখ উপস্থিত ছিলেন।