তারেক রহমানের সঙ্গে রাশিয়াসহ ৪ দেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিনসহ নর্ডিক অঞ্চলের দেশ সুইডেন, ডেনমার্ক ও নরওয়ের রাষ্ট্রদূতরা। সাক্ষাতে বাংলাদেশে ত্রয়োদশ সংসদ নির্বাচন এবং তারেক রহমানের উন্নয়ন ভাবনাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
দুপুর ১২টার দিকে চেয়ারম্যানের কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন রাশিয়ার রাষ্ট্রদূত। এর আগে বিএনপি চেয়ারম্যানে সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত নর্ডিক অঞ্চলের দেশ সুইডেন, ডেনমার্ক ও নরওয়ের রাষ্ট্রদূতরা।
বৈঠক শেষে বিএনপির যুগ্ম মহাসচিব ও চেয়ারম্যান ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটি সদস্য হুমায়ুন কবির বলেন, আন্তর্জাতিক মহলের একটি বিশেষ আগ্রহ রয়েছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি এবং বাংলাদেশের উন্নয়ন নিয়ে তারেক রহমানের ভাবনার প্রতিও আগ্রহ রয়েছে।
তিনি বলেন, আজকে ৪টি দেশের প্রতিনিধি সাক্ষাৎ করেছেন। এগুলো সৌজন্য সাক্ষাৎ ছিল। অত্যন্ত সৌহার্দপূর্ণভাবে সাক্ষাৎগুলো হয়েছে। বাংলাদেশের জাতীয় স্বার্থের ভিত্তিতে আমরা কীভাবে তাদের সঙ্গে কাজ করতে পারি, সেই বিষয়গুলো নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।
বৈঠকগুলোতে বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যান প্রেস সচিব সালেহ শিবলী ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিল সদস্য মাহাদী আমিন ও বিএনপি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাশেদুল হক।