বিএনপি কোনো ‘খাই-দাই’ পার্টি নয়: ফজলে হুদা বাবুল

বিএনপি কোনো ‘খাই-দাই’ পার্টি নয় বলে মন্তব্য করেছেন নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ও কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে হুদা বাবুল।
তিনি বলেন, ৫ আগস্ট-পরবর্তী রাজনৈতিক পটপরিবর্তনের পর যারা ক্ষমতার দাপট বা আধিপত্য বিস্তারের চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে দল কঠোর সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছে।
সম্প্রতি এশিয়া পোস্টের ‘আলাপন’ অনুষ্ঠানে এ সব কথা বলেন তিনি।
ফজলে হুদা বাবুল বলেন, আমার নির্বাচনি এলাকায় কোনো ধরনের দখলদারত্ব বা অনিয়মের জায়গা নেই। দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং জনমনে অসন্তোষ সৃষ্টির কারণে এর মধ্যে কয়েকজন ইউনিয়ন পর্যায়ের নেতাকে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া প্রায় ৪২ জনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
এলাকায় শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে দলের কোনো নেতাকর্মী অপরাধে জড়িত থাকলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতেও পিছপা হবেন না বলে জানান তিনি।
বিএনপির এই সংসদ সদস্য বলেন, শহীদ জিয়ার আদর্শ অনুযায়ী ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করাই আমার জীবনের মূল লক্ষ্য। ব্যক্তিগত জীবনে বিলাসিতা ত্যাগ করে জনগণের সেবার উদ্দেশ্য নিয়েই রাজনীতিতে এসেছি।




