Advertisement

শেখ হাসিনার দৌরাত্ম্য বন্ধে ভারতের ওপর চাপ অব্যাহত রাখার আহ্বান

এশিয়া পোস্ট প্রতিবেদক
শেখ হাসিনার দৌরাত্ম্য বন্ধে ভারতের ওপর চাপ অব্যাহত রাখার আহ্বান
ইসলামী আন্দোলন বাংলাদেশের লোগো। ছবি: সংগৃহীত

শেখ হাসিনার দৌরাত্ম্য বন্ধ করতে ভারতের ওপর চাপ অব্যাহত রাখার পাশাপাশি আওয়ামী নৃশংসতা নিয়ে বৈশ্বিক প্রচারণা জোরদার করার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।

Advertisement

শনিবার (৮ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে গাজী আতাউর রহমান বলেন, শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়ে এবং রাজনৈতিক যোগাযোগ রক্ষার সুযোগ দিয়ে প্রতিবেশীদের সঙ্গে শত্রুতামূলক সম্পর্ক জিইয়ে রাখার যে নীতি নিয়েছে, তা দীর্ঘমেয়াদে ভারতেরই ক্ষতি বয়ে আনবে। বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক উন্নয়ন না করে একটি স্বৈরাচারী শক্তির সাথে সম্পর্ককে প্রাধান্য দেওয়ার পরিণতি ভারতকে বহন করতে হবে।

ফ্যাসিবাদের সঙ্গে জড়িতদের বিচারে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না জানিয়ে গাজী আতাউর রহমান বলেন, ফ্যাসিবাদের সঙ্গে জড়িতদের বিচারের গতি স্লথ করা যাবে না। দেশ থেকে ফ্যাসিবাদের শিকড় উপড়ে ফেলতে হবে। অন্যথায় দেশে ফেরার ঘোষণা দিয়ে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার সুযোগ নেবে শেখ হাসিনা। সেই রাস্তা বন্ধ করতে দ্রুত ও ব্যাপকতার সঙ্গে ফ্যাসিবাদের সাথে জড়িতদের বিচার করতে হবে।

রাষ্ট্র সংস্কারের কাজেও গতি আনতে হবে বলে জানান ইসলামী আন্দোলনের মহাসচিব। তার মতে, সংস্কারের মাধ্যমে দেশে ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক প্রতিরোধ গড়ে তোলা হলেই আওয়ামী ফ্যাসিবাদের চূড়ান্ত পরাজয় নিশ্চিত করা যাবে।