logo

বিরোধীদলীয় চিফ হুইপের সঙ্গে ইইউ নির্বাচনি পর্যবেক্ষণ মিশনের সাক্ষাৎ

বিরোধীদলীয় চিফ হুইপের সঙ্গে ইইউ নির্বাচনি পর্যবেক্ষণ মিশনের সাক্ষাৎ

​বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) উচ্চপর্যায়ের একটি নির্বাচনি পর্যবেক্ষণ প্রতিনিধিদল।

​মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে সংসদ ভবনে চিফ হুইপের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। ইইউ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন মিশন প্রধান ইভার্স ইজাবস। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন—ডেপুটি হেড বাইবা জারিনা, ডেপুটি চিফ অবজারভার ইনটা লাসে, লিগ্যাল অ্যানালিস্ট ইরিনি মারিয়া গুনারি এবং রায়ান ইসলাম।

বৈঠকে ইইউ প্রতিনিধিদল বাংলাদেশের সর্বশেষ সংসদীয় নির্বাচনের ওপর তাদের পূর্ণাঙ্গ পর্যবেক্ষণ প্রতিবেদনটি বিরোধীদলীয় চিফ হুইপের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে।

​বৈঠক সূত্রে জানা গেছে, আলোচনার একটি বড় অংশজুড়ে ছিল ‘জুলাই সনদ’। ইইউ প্রতিনিধিদল এই সনদের বাস্তবায়ন এবং বর্তমান অগ্রগতি সম্পর্কে বিস্তারিত জানতে চায়। জবাবে এনসিপি আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকারের ভূমিকার সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, সরকার জাতির কাছে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হচ্ছে।

নাহিদ ইসলাম বলেন, জুলাই অভ্যুত্থানের মাধ্যমে যে প্রাতিষ্ঠানিক ও কাঠামোগত সংস্কারের দাবি উঠেছিল, তা বাস্তবায়নে জাতীয় নাগরিক কমিটি (এনসিপি) সংসদের ভেতরে ও বাইরে লড়াই চালিয়ে যেতে বদ্ধপরিকর।

​বৈঠকে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন—এনসিপির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবদুল্লাহ আল আমিন এবং এনসিপির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ।