logo
Advertisement

বিএনপির আমলে দেশে নারী ও শিশু নির্যাতন অনেক বেড়েছে: জাতীয় নারীশক্তি

এশিয়া পোস্ট প্রতিবেদক
বিএনপির আমলে দেশে নারী ও শিশু নির্যাতন অনেক বেড়েছে: জাতীয় নারীশক্তি
মানববন্ধনে জাতীয় নারী শক্তির আহ্বায়ক মনিরা শারমিন, এনসিপির যুগ্ম সদস্য সচিব শাহরিন ইরা ও নারীশক্তির যুগ্ম সদস্য সচিব ফারজানা আহমেদ প্রমুখ। সোমবার জাতীয় সংসদ ভবনের সামনে। ছবি: এশিয়া পোস্ট

বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা আগের চেয়ে তুলনামূলকভাবে অনেক বেড়েছে বলে মনে করছে জাতীয় নারী শক্তি।

Advertisement

সোমবার (৩১ আগস্ট) দুপুরে জাতীয় সংসদ ভবনের সামনে দেশে সাম্প্রতিক সময়ে আশঙ্কাজনক হারে ছিনতাই, চাঁদাবাজি, মাদক এবং নারী ও শিশু নির্যাতন বৃদ্ধির অভিযোগে আয়োজিত বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচিতে এ কথা বলেন দলটির নেতার। জাতীয় নারীশক্তি এর আয়োজন করে।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সাম্প্রতিক বক্তব্যের তীব্র সমালোচনা করে জাতীয় নারীশক্তির আহ্বায়ক মনিরা শারমীন বলেছেন, আইনশৃঙ্খলার উন্নতি হয়েছে—স্বরাষ্ট্রমন্ত্রীর এমন মন্তব্য সম্পূর্ণ দায়িত্বজ্ঞানহীন এবং জনবিচ্ছিন্ন। মন্ত্রী নিজের মূল দায়িত্ব ছেড়ে অন্য কাজে ব্যস্ত রয়েছেন। তিনি চোখে কাঠের চশমা পরে আছেন বলেই জনগণের দুর্ভোগ ও দেশের বাস্তব চিত্র দেখতে পাচ্ছেন না।

অবিলম্বে এই কাঠের চশমা খুলে রাজপথে এসে জনগণের জানমালের প্রকৃত অবস্থা দেখার আহ্বান জানিয়েছেন তিনি।

সমাবেশ থেকে সংগঠনটির নেতারা বলেন, সাধারণ মানুষ নিরাপত্তা হীনতায় ভুগছে। একই সঙ্গে গ্যাস, বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় মৌলিক সেবার তীব্র সংকটে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

মানববন্ধনে সংগঠনের শীর্ষ নেতারা দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, তরুণ সমাজ ব্যাপকহারে মাদক, ছিনতাই ও নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে, যা দেশের ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। অথচ এসব অপরাধ দমনে সরকার দৃশ্যমান কোনো পদক্ষেপ নিচ্ছে না।

অবিলম্বে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জননিরাপত্তা নিশ্চিত করা না হলে দেশজুড়ে তীব্র আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।

সমাবেশে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম সদস্য সচিব শাহরিন ইরা, এনসিপির কেন্দ্রীয় সদস্য দিলারা খানম, নারীশক্তির যুগ্ম সদস্য সচিব ফারজানা আহমেদ প্রমুখ।