ফটিকছড়িতে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ‘বিভ্রান্তিকর ও অসত্য’ দাবি জামায়াতের

চট্টগ্রামের ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসায় বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের দেওয়া বক্তব্যকে ‘বিভ্রান্তিকর ও অসত্য বিষোদ্গার’ হিসেবে আখ্যায়িত করে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি।
শুক্রবার (৬ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এই প্রতিবাদ জানান।
বিবৃতিতে জুবায়ের বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী কোনো ইসলামী পরিবেশে গেলেই বড় ইসলামী ব্যক্তিত্ব হয়ে ওঠেন, যা ভেড়ার গোয়ালে তুলসী গাছের মতো। জামায়াতে ইসলামী একটি কল্যাণমুখী ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী দল হিসেবে দীর্ঘদিন ধরে রাজনীতি করে আসছে। বিগত ত্রয়োদশ সংসদ নির্বাচনে জনগণের বিপুল সমর্থন পেয়ে জামায়াত দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করছে এবং দেশকে সুশাসনের পথে রাখতে সরকারকে জবাবদিহির মধ্যে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে।’
তিনি বলেন, ‘জামায়াতের গঠনতন্ত্র ও সাংগঠনিক কার্যক্রম অত্যন্ত স্পষ্ট। জামায়াত দেশের সব ধর্মের নাগরিকদের অধিকার সমুন্নত রাখতে বদ্ধপরিকর এবং একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছে।’
বিবৃতিতে জামায়াত নেতা বলেন, ‘চব্বিশের জুলাই বিপ্লবের পর বর্তমান বিএনপি সরকারের আমলে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। নতুন করে গুপ্ত হত্যা, খুন ও রাহাজানি চরম আকার ধারণ করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী নিজের এসব ব্যর্থতা ধামাচাপা দিতে এবং দায়িত্ব এড়িয়ে চলতেই বিরোধী দলের চরিত্রহননে ব্যস্ত হয়ে পড়েছেন।’
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদকে জামায়াতসহ বিভিন্ন ইসলামী দলের বিরুদ্ধে অনভিপ্রেত ও অসত্য বক্তব্য পরিহার করে নিজের মূল দায়িত্ব অর্থাৎ, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি পুনরুদ্ধারে নজর দেওয়ার আহ্বান জানান জুবায়ের।

