তরুণরাই বাংলাদেশকে সঠিক পথ দেখাবে: হাসনাত কাইয়ূম

তরুণরা তাদের যে স্বপ্ন বেহাত হয়ে যাচ্ছে, সেই স্বপ্নটা আকড়ে ধরবে এবং বাংলাদেশকে সঠিক পথ দেখাবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ূম। সম্প্রতি এশিয়া পোস্টের ‘আলাপন’ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন বলেন।
হাসনাত কাইয়ূম বলেন, বাংলাদেশের তরুণ সমাজ সমস্ত বিভ্রম থেকে বের হয়ে আসবে। ২০২৪ সালের অভ্যুত্থান তরুণদের সামনে একটি বড় সুযোগ তৈরি করেছে। তারা যদি তাদের লক্ষ্য অর্জনে অনড় থাকে, তাহলে বাংলাদেশ সঠিক ডিরেকশনে (পথে) চলতে শুরু করবে।
তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে জুলাই গণ-অভ্যুত্থান ছিল সবচেয়ে বড় একটি সুযোগ। ১৯৭১ সালে স্বাধীনতার সুফল হাতছাড়া হয়েছে, ১৯৯০ সালেও গণতান্ত্রিক উত্তরণের সুযোগ বেহাত হয়েছে। ২০২৪ সালের এই রক্তভেজা সুযোগ আবারও নষ্ট হয়ে গেলে তা আমাদের প্রজন্মের জন্য একটি বড় ব্যর্থতা হবে।
তিনি আরও বলেন, আমাদের প্রজন্ম যে রাজনৈতিক আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি, সেই বোঝা পরবর্তী প্রজন্মের ওপর রেখে যেতে চান না। আমাদের সন্তানরা যেন আর কখনো বন্দুকের নলের সামনে দাঁড়াতে বাধ্য না হয়, সেই পথ আমাদেরই তৈরি করতে হবে।
রাজনৈতিক দলগুলো তাদের অঙ্গীকার পূরণ না করলে তরুণরাই আবার জেগে উঠে রাষ্ট্রের সংস্কার ও মুক্তি নিশ্চিত করবে বলে হাসনাত কাইয়ূম বিশ্বাস করেন।




