লালবাগ বিএনপি নেতার অসুস্থ স্ত্রীর চিকিৎসায় পাশে দাঁড়ালেন তারেক রহমান

কারা হেফাজতে নিহত লালবাগের ২৩ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম-সম্পাদক আনোয়ার হোসেন মাহবুবের অসুস্থ স্ত্রী পাপিয়া আক্তার রিনাকে দেখতে হাসপাতালে যান বিএনপির একটি প্রতিনিধিদল। এ সময় তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে চিকিৎসার সার্বিক খোঁজ নেন এবং চিকিৎসা সহায়তাসহ পরিবারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
মঙ্গলবার (১৪ এপ্রিল) রাজধানীর আনোয়ার খান মর্ডান হাসপাতালে যায় বিএনপির প্রতিনিধিদলটি। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশনায় বিএনপির স্বাস্থ্যবিষয়ক সহসম্পাদক ডা. পারভেজ রেজা কাকন ও বিশিষ্ট অর্থোপেডিক সার্জন ডা. শাহ মো. আমান উল্লাহ এ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন, শাকিল আহমেদ, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, ঢাকা কলেজ ছাত্রদলের সদস্য আব্দুল্লাহ আল মিসবাহ প্রমুখ।
আনোয়ার হোসেন মাহবুব লালবাগ থানা বিএনপির নেতা ছিলেন। পলাতক ফ্যাসিস্ট হাসিনার আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তারের পর পুলিশ রিমান্ডের নামে অত্যাচার করে জেলহাজতে পাঠালে মাহবুব অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসাধীন অবস্থায় ২০১৬ সালের ১৬ ফেব্রুয়ারি তিনি মারা যান।