logo

শাহবাগের ঘটনায় ছাত্রদলের তদন্ত কমিটি গঠন

শাহবাগের ঘটনায় ছাত্রদলের তদন্ত কমিটি গঠন

শাহবাগ থানায় গণমাধ্যমকর্মীদের মারধরের অভিযোগ তদন্তে চার সদস্যের কমিটি গঠন করেছে ছাত্রদল। শুক্রবার (২৪ এপ্রিল) সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একটি কুরুচিপূর্ণ ও অশালীন ফেসবুক পোস্টকে কেন্দ্র করে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ছাত্রদলের কিছু নেতাকর্মীর বিরুদ্ধে গণমাধ্যমকর্মীদের সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনা তদন্তের জন্য চার সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

কমিটিতে রয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি জহির রায়হান আহমেদ, এ বি এম ইজাজুল কবির রুয়েল এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতি আনিসুর রহমান খন্দকার অনিক ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন শাওন।

তদন্ত কমিটিকে পাঁচ দিনের মধ্যে তদন্ত সম্পন্ন করে কেন্দ্রীয় সংসদের কাছে লিখিত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ নির্দেশনা দিয়েছেন।