ইসলামী আন্দোলন মহাসচিব/প্রত্যাশা পূরণে সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে

নাগরিকদের প্রত্যাশা পূরণে সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশর মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) চট্টগ্রামের দেওয়ানহাটের সৈয়দ এসহাক (রহ.) অডিটোরিয়ামে চট্টগ্রাম বিভাগীয় উপজেলা ও নগর ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে মহাসচিব বলেন, রাষ্ট্রের সঙ্গে নাগরিকদের সম্পর্ক মালিকানার সম্পর্ক। নাগরিকরা রাষ্ট্রের মালিক। সরকার নাগরিকের স্বার্থ নিশ্চিত করার জন্য এবং নাগরিকের প্রয়োজনীয় সব কিছু নিশ্চিত করার জন্য দায়বদ্ধ। বিএনপি নির্বাচনের জন্য ব্যতিব্যস্ত হয়েছিল। এখন নাগরিক প্রত্যাশা পূরণ করতে পারছে না।
জ্বালানি সংকটে গোটা দেশ নাজেহাল মন্তব্য করে গাজী আতাউর রহমান বলেন, দ্রব্যমূল্য লাগাম ছাড়িয়েছে। সন্ত্রাস, চাঁদাবাজে জনগণ অতিষ্ঠ। সরকারের মন্ত্রীদের দক্ষতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। কোনো একটা ক্ষেত্রেও সরকার সফলতা দেখাতে পারছে না।
সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় উপদেষ্টা আলহাজ জান্নাতুল ইসলাম, যুগ্মমহাসচিব মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন, সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) মাওলানা দেলোওয়ার হোসাইন সাকী।


