logo

দুই দশক পর আজ বরিশাল যাচ্ছেন তারেক রহমান

দুই দশক পর আজ বরিশাল যাচ্ছেন তারেক রহমান

দীর্ঘ দুই দশক পর আজ বরিশাল যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দলীয়প্রধান হওয়ার পর এটাই তার প্রথম বরিশাল সফর। তার সফর ও জনসভা কেন্দ্র করে চলছে নানা আয়োজন।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় ঐতিহাসিক বেলস পার্ক মাঠে নির্বাচনি জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে তার। 

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জনসভায় বক্তব্যের মধ্য দিয়ে নিশ্চিত হতে পারে ২১টি আসনে নির্বাচনে বিজয়। আর সব ধরনের প্রস্তুতি গ্রহণের পাশাপাশি নিরাপত্তা জোরদার করার কথা জানায় আইনশৃঙ্খলা বাহিনী।

প্রায় দুই দশক পর আবারও তারেক রহমানের আগমনী বার্তায় আশায় বুক বেঁধেছে সর্বস্তরের জনগণ। খালেদা জিয়ার মৃত্যুতে শোকাহত বরিশাল অপেক্ষার প্রহর গুনছে তাকে একনজর দেখার জন্য। তার দেওয়া প্রতিশ্রুতিতে বরিশালের বহুল কাঙ্ক্ষিত দাবি যেমন উঠে আসবে, তেমনি সেগুলো পূরণ হবে বলে আশা সবার।

বরিশাল-১ আসন থেকে বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী এম জহির উদ্দিন স্বপন বলেন, আমাদের নেতা দক্ষিণ বাংলা সফরে আসবেন। বিএনপি ও ধানের শীষের নেতাকর্মীদের মধ্যে গণজোয়ার তৈরি হয়েছে। তার আগমনে দক্ষিণাঞ্চলের মানুষ আনন্দিত।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেন, তারেক রহমানের আগমন উপলক্ষে পুরো বরিশালবাসী উচ্ছ্বসিত। তিনি আসবেন আমরা তাকে প্রাণভরে দেখব।

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান বলেন, আমরা জেলায় জেলায় আমাদের বার্তা পৌঁছে দিয়েছি। ৪ তারিখ বেলা ১১টার মধ্যে আমাদের জনসভা শুরু হবে। চারদিকে মাইকিং চলছে।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরীন বলেন, বরিশাল বিভাগের আটটি ইউনিট সমানভাবে কাজ করে যাচ্ছে। আশা করি, লাখ লাখ নেতাকর্মীর আগমন ঘটবে।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বরিশাল-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার বলেন, কানায় কানায় পূর্ণ হয়ে যাবে তারেক রহমানের জনসভার মাঠ। আমরা জায়গা দিতে পারব কি না সেটা নিয়ে চিন্তিত।

বরিশাল সুজনের সাধারণ সম্পাদক রফিকুল আলম বলেন, জনসভায় তারেক রহমানের বার্তার মধ্য দিয়ে নিশ্চিত হতে পারে বরিশালের ২১টি আসনে নির্বাচনে বিজয়। 

আর সব ধরনের প্রস্তুতি গ্রহণের পাশাপাশি নিরাপত্তা জোরদার করার কথা জানান বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার সুশান্ত সরকার।

তিনি বলেন, তারেক রহমানের আগমন উপলক্ষে গোয়েন্দা পুলিসসহ সাদা পোশাকে তদন্ত চলমান আছে। এখন পর্যন্ত কোথাও কোনো নিরাপত্তা ঘাটতি নেই।

গত ২২ জানুয়ারি, সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠ থেকে নির্বাচনি প্রচারণা শুরু করেন তারেক রহমান।